• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম


আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ, মেসিকে ঘিরে সতীর্থদের আবেগ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ অক্টোবর ২০২৬ ৪:২২ পিএম

একটি দীর্ঘ পথচলার অবসান। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সতীর্থরা ছুটে এসে লিওনেল মেসিকে ঘিরে ধরেন। কেউ প্রিয় অধিনায়ককে জড়িয়ে ধরেন, কেউ কাঁধে হাত রেখে বিদায়ের মুহূর্তটিকে স্মরণীয় করে রাখেন। খেলোয়াড়দের চোখেমুখে আবেগ, গ্যালারিজুড়ে করতালি আর ‘মেসি, মেসি’ ধ্বনির মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে ফুটবল জাদুকরের শেষ ম্যাচের সমাপ্তি ঘটে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আর এই ম্যাচের মধ্য দিয়েই জাতীয় দলের হয়ে নিজের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনেছেন মেসি।

বিদায়ী ম্যাচটিও নিজের মতো করেই রাঙিয়েছেন ৩৯ বছর বয়সী এই তারকা। ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন তিনি। ম্যাচের ৪৮ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে গোল করেন নিকোলাস ওতামেন্দি। এরপর ৬০ মিনিটে মেসির পাস থেকে গোল করে আর্জেন্টিনার ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ।

এরপর আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ম্যাচের ৬৮ মিনিটে আর্জেন্টিনা পেনাল্টি পেলে বল নিয়ে এগিয়ে যান মেসি। ৭১ মিনিটে স্পটকিক থেকে দারুণভাবে বল জালে পাঠিয়ে নিজের বিদায়ী ম্যাচে গোলের খাতায় নাম লেখান তিনি। আর্জেন্টিনার জার্সিতে এটি ছিল তার ১২৬তম গোল।

শেষ বাঁশি বাজার পর অবশ্য ম্যাচের ফলাফল আর কারও কাছে গুরুত্বপূর্ণ ছিল না। সবার মনোযোগ তখন কেবল একজনকে ঘিরে—মেসি। সতীর্থরা তাকে ঘিরে ধরে আবেগে ভেসে যান। প্রতিপক্ষ বেনিনের খেলোয়াড় এবং ম্যাচ কর্মকর্তারাও এগিয়ে এসে তাকে অভিনন্দন জানান। বিদায়ের সেই আবেগঘন মুহূর্তে মেসির মুখেও ছিল আবেগের ছাপ।

ম্যাচ শেষে স্টেডিয়ামের পরিবেশও বদলে যায়। মেসিকে সম্মান জানাতে বিশেষ ড্রোন শোর আয়োজন করা হয়। আকাশে ভেসে ওঠে ‘Gracias Leo’—অর্থাৎ ‘ধন্যবাদ লিও’।

জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে ১২৬ গোল ও ৭০ অ্যাসিস্টের পরিসংখ্যান নিয়ে আর্জেন্টিনার জার্সি তুলে রাখলেন মেসি। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অলিম্পিক স্বর্ণজয়ী এই কিংবদন্তির বিদায় তাই কেবল একটি ম্যাচের সমাপ্তি নয়; এর মধ্য দিয়ে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের একটি অবিস্মরণীয় অধ্যায়েরও পর্দা নামল।

/এসএন