• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৯:৪৫ এএম


ব্রাজিলকে আনুষ্ঠানিক বিদায় জানালেন নেইমার, বললেন ‘আমার সময় শেষ’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ জুলাই ২০২৬ ১০:৩৭ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। এরপরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। এবার জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে পুনর্ব্যক্ত করেছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।

সম্প্রতি ক্লাব সান্তোসের হয়ে একটি ম্যাচ জয়ের পর আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের অবসরের বিষয়টি নিশ্চিত করেন নেইমার।

গোলডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের জার্সিতে ১৬ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন লাতিন আমেরিকার এই ফুটবল তারকা।

অবসরের প্রসঙ্গে নেইমার বলেন, “আমার মনে হয়, আমার সময় শেষ। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আমি আর থাকছি না। আমি আমার দেশের হয়ে অনেক লড়েছি। অনেক ঘাম-রক্ত ত্যাগ করেছি।”

তিনি আরও বলেন, “দেশের জার্সিতে অনেক ইতিহাস গড়েছি। আমি আর জাতীয় দলের হয়ে খেলতে ইচ্ছুক নই। এখন আমার সব ফোকাস একমাত্র স্যান্টোসকে নিয়েই।”

চোট-আঘাতের কারণে পুরোপুরি ফিট না থাকলেও ২০২৬ বিশ্বকাপের দলে নেইমারকে রেখেছিলেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তবে টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচে মাঠে নামেননি তিনি। পরে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৭৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন। সেই ম্যাচে ৩-০ গোলের জয় পায় ব্রাজিল।

বিশ্বকাপে নেইমারের একমাত্র গোলটি আসে নরওয়ের বিপক্ষে। রাউন্ড অব ১৬-এর সেই ম্যাচে পেনাল্টি থেকে ব্রাজিলের হয়ে একমাত্র গোল করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে বিদায় নেয় সেলেসাওরা।

ব্রাজিলের হয়ে নেইমার মোট ১৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ৮০টি গোল করেছেন। তবে ২০১৪ থেকে ২০২৬—এই সময়ে চারটি বিশ্বকাপে অংশ নিয়েও দেশের হয়ে বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করতে পারেননি তিনি।

/এসএন