• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৪:২৮ এএম


বিশ্বকাপ হতাশা ভুলে ভবিষ্যতের পথে ব্রাজিল, দল পুনর্গঠনের ঘোষণা কোচের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ জুলাই ২০২৬ ১১:১০ এএম

২০২৬ ফিফা বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ ষোলো থেকেই বিদায় নিতে হওয়ায় হতাশায় ডুবে থাকা সেলেসাওরা এখন ভবিষ্যতের পরিকল্পনায় মনোযোগী। দল পুনর্গঠন করে আগামী দিনের জন্য নতুন ব্রাজিল গড়ার ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।বুধবার (২৯ জুলাই) ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি জানান, ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)-এর সঙ্গে তার প্রতিশ্রুতি এখনও অটুট রয়েছে। এমনকি ইতালির জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেলেও তিনি তা গ্রহণ করেননি।এ বিষয়ে আনচেলত্তি বলেন, ‘এটি কোনো চুক্তির বিষয় নয়। এর মূল কারণ হলো সিবিএফ এবং এই দেশের প্রতি আমার একটি প্রতিশ্রুতি রয়েছে, কারণ প্রথম বছরেই দেশটি আমাকে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে।’হেক্সাজয়ের স্বপ্ন নিয়ে ২০২৬ বিশ্বকাপে খেলতে নেমেছিল ব্রাজিল। কিন্তু শেষ পর্যন্ত নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় সেলেসাওদের। আনচেলত্তির অধীনে এটি ১৯৯০ সালের পর ব্রাজিলের সবচেয়ে দ্রুততম বিশ্বকাপ বিদায় হিসেবে বিবেচিত হচ্ছে।বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স নিয়ে আনচেলত্তি বলেন, ‘বিশ্বকাপের ফল আমাদের জন্য ভালো ছিল না। সবাই হতাশ, আমরাও দুঃখিত। তবে এখন অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে তাকাতে হবে। এই দেশে প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই, তাদের নিয়েই ইতিবাচক ভবিষ্যৎ গড়া সম্ভব।’এদিকে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র সম্প্রতি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার বিদায়ের পর নতুন পরিকল্পনায় বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলারের পরিবর্তে তরুণদের সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি।দল পুনর্গঠনের প্রসঙ্গে তিনি বলেন, ‘ইতিহাস বলে, একটি প্রজন্মের বিদায়ের পর আরেকটি প্রজন্ম আসে। নতুন প্রজন্মকে আগের চেয়ে আরও ভালো হতে হবে। এখন আমাদের সেই নতুন চক্র শুরু করার সময়।’অ্যালিসন বেকার, কাসেমিরো, দানিলো ও অ্যালেক্স সান্দ্রোর মতো ৩৩ বছর বা তার বেশি বয়সী অভিজ্ঞ ফুটবলারদের ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। তবে তাদের কাউকেই পুরোপুরি বাদ দেওয়ার ইঙ্গিত দেননি ব্রাজিল কোচ।তিনি বলেন, ‘আমাদের ভাবনা হলো—কেউ কেউ হয়তো স্কোয়াডে থাকতে পারে। তবে আমাদের একটি নতুন চক্রের দিকে তাকাতে হবে এবং সেই লক্ষ্যেই নতুন খেলোয়াড়দের দলে নিয়ে আসব।’একই সঙ্গে অভিজ্ঞদের অবদানের প্রশংসা করে আনচেলত্তি বলেন, ‘তাদের প্রত্যেকের প্রতিই আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। তারা ব্রাজিলের জন্য অসাধারণ অবদান রেখেছে। কিন্তু ফুটবলে একসময় একটি অধ্যায় শেষ হয়, আরেকটি অধ্যায় শুরু হয়।’উল্লেখ্য, গত বছরের মে মাসে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি। ইতোমধ্যে ২০৩০ ফিফা বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে সিবিএফ।বিশ্বকাপ-পরবর্তী সেপ্টেম্বর-অক্টোবর ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার টাউন্সভিল ও ব্রিসবেনে স্বাগতিকদের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে সেলেসাওরা। এরপর অক্টোবরের শুরুতে কলকাতায় তৃতীয় ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে সেই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।

/বিএসএস