বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের অধ্যায় পেছনে ফেলে দুর্দান্তভাবে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। সান্তোসের হয়ে প্রথম ম্যাচেই জোড়া গোল করে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন তিনি। তবে ব্যক্তিগত সাফল্যের দিনেই এসেছে দুঃসংবাদ। হলুদ কার্ড দেখায় লিগের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না এই তারকা ফুটবলার।ম্যাচের প্রথমার্ধে প্রত্যাশামতো আক্রমণাত্মক ফুটবল খেলতে পারেনি সান্তোস। তবে বিরতির আগমুহূর্তে সতীর্থ বারিয়ালের সঙ্গে দারুণ বোঝাপড়ায় গোল করে দলকে এগিয়ে দেন নেইমার।
দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় শাপকোয়েন্স। পরপর দুটি গোল করে তারা ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।পিছিয়ে পড়ার পর অন্তত এক পয়েন্ট আদায়ে মরিয়া হয়ে ওঠে সান্তোস। একের পর এক আক্রমণ চালালেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না তারা। শেষ পর্যন্ত ৮৯তম মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। ডি-বক্সের ভেতরে ক্যাবায়েরোকে ফাউল করেন শাপকোয়েন্সের ব্রুনো মাতিয়াস সান্তোস। স্পট কিক থেকে নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার এবং দলকে ২-২ সমতায় ফেরান।
তবে ম্যাচজুড়েই রেফারির বিভিন্ন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন নেইমার। প্রথমার্ধ থেকেই তার বিরক্তি চোখে পড়ে। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ খেলোয়াড় ব্রুনো তুবারার ফাউলের পর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হলে রেফারি উভয়কেই হলুদ কার্ড দেখান।এই হলুদ কার্ডই নেইমারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ব্রাজিলিয়ান লিগের নিয়ম অনুযায়ী প্রতি তিনটি হলুদ কার্ডের পর এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়। টানা তিন ম্যাচে হলুদ কার্ড দেখায় লিগের পরবর্তী ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে সান্তোসের এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে।
/বিএসএস