• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০১:২৯ পিএম


পুরুষ খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে গিয়ে আহত নারী রেফারি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ জুলাই ২০২৬ ৯:৪২ এএম

ফরাসি ক্লাব মেৎজ ও নেদারল্যান্ডসের ফরচুনা সিতার্দের মধ্যকার একটি প্রীতি ম্যাচে খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন নারী রেফারি মাথিলদে দেমোঁসে। মাথায় আঘাত পাওয়ার পর তিনি কনকাশনে (মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা) আক্রান্ত হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।শনিবার (২৫ জুলাই) ফ্রান্সের পূর্বাঞ্চলের ফরবাখের শ্লসবের্গ স্টেডিয়ামে নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের একপর্যায়ে খেলোয়াড়দের ধাক্কাধাক্কির মধ্যে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন ২৬ বছর বয়সী দেমোঁসে। পরে তিনি আর রেফারির দায়িত্ব চালিয়ে যেতে পারেননি।ম্যাচের ৪০তম মিনিটে জার্সি টানাটানিকে কেন্দ্র করে দুই দলের দুই খেলোয়াড়ের মধ্যে উত্তেজনা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই দুই দলের আরও কয়েকজন ফুটবলার এতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে গেলে খেলোয়াড়দের ধাক্কায় দেমোঁসে মাটিতে পড়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও সেই মুহূর্ত দেখা গেছে।

ঘটনাটি মাঠের যে স্থানে ঘটে, তার পাশেই বড় করে লেখা ছিল—‘রেফারিকে সম্মান করুন’।আঘাত পাওয়ার পর কয়েক মিনিট মাঠেই পড়ে ছিলেন দেমোঁসে। এ সময় তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে সহকারী রেফারি, নিরাপত্তাকর্মী ও চিকিৎসাকর্মীরা দ্রুত মাঠে ছুটে আসেন।পরে খেলা পুনরায় শুরু হলে দেমোঁসে সহকারী রেফারির দায়িত্বে ফিরলেও বিরতির সময় মাঠ ছেড়ে যান। এরপর তার স্থলাভিষিক্ত হন অন্য একজন সহকারী রেফারি।ম্যাচে ফরচুনা সিতার্দকে ৩-১ গোলে হারায় মেৎজ। ফরচুনা সিতার্দ তাদের ওয়েবসাইটের ম্যাচ প্রতিবেদনে ঘটনাটিকে ‘ব্যতিক্রমী একটি মুহূর্ত’ হিসেবে উল্লেখ করলেও এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেনি। অন্যদিকে মেৎজের ম্যাচ প্রতিবেদনে এ ঘটনার কোনো উল্লেখ করা হয়নি।

/বিএসএস