ভক্তদের ভোটে লিওনেল মেসিকে পেছনে ফেলে প্রথমবারের মতো আয়োজিত ‘বিওএটি’ (বেস্ট অব অল টাইম ব্যালন ডি’অর) পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুম নির্বাচন করতে এ বছরই প্রথম এই পুরস্কারের আয়োজন করা হয়।
ভোটে রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুম প্রথম স্থান অর্জন করেছে। অন্যদিকে, লিওনেল মেসির ২০১২ সালের মৌসুম পেয়েছে দ্বিতীয় স্থান।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়ে ২০০৮ সালে ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন পর্তুগিজ তারকা রোনালদো। ওই মৌসুমে তিনি মোট ৪২টি গোল করেন। পাশাপাশি দলকে ইংলিশ প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর ক্যারিয়ারে জেতা পাঁচটি ব্যালন ডি’অরের মধ্যে এটিই ছিল প্রথম।
বিওএটি পুরস্কারের জন্য ভোট গ্রহণ শুরু হয়েছিল ১ অক্টোবর। ২৭ অক্টোবর ভোট গ্রহণ শেষ হয়। ভোট শেষ হওয়ার মাত্র এক দিন আগে লন্ডনে এক অনুষ্ঠানে ২০২৬ সালের পুরুষ ও নারী বিভাগে ব্যালন ডি’অর জয়ী হিসেবে হ্যারি কেইন ও অ্যালেক্সিয়া পুতেয়াসের নাম ঘোষণা করা হয়।
এই ভোটে অংশ নিতে ভক্তদের প্রতিবার এক ইউরো করে দিতে হয়েছে। একজন চাইলে একাধিকবার ভোট দেওয়ার সুযোগও পেয়েছেন। অর্থের বিনিময়ে ভোট দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারীদের ব্যালন ডি’অরের প্রথম ট্রফির একটি ছবি দেওয়া হয়েছে। এ ছাড়া ২০২৭ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট জেতার লটারিতে অংশ নেওয়ার সুযোগও পেয়েছেন তাঁরা।
বিওএটি ভোটে মেসি ও রোনালদোর আধিপত্য ছিল স্পষ্ট। এই দুই ফুটবল তারকার বিভিন্ন ব্যালন ডি’অরজয়ী মৌসুমই তালিকার প্রথম ১২টি স্থান দখল করেছে।
/এসএন