বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রও ধীরে ধীরে এগিয়ে চলেছেন ফুটবলে নিজের অবস্থান তৈরির পথে। মাত্র ১৬ বছর বয়সেই পর্তুগালের বয়সভিত্তিক ফুটবলে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি। এবার ক্যারিয়ারে আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়ে প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে ডাক পেয়েছেন রোনালদো জুনিয়র।
আগামী ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব সামনে রেখে সোমবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ ফিলিপে রামোস। ঘোষিত দলে জায়গা পেয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরের একাডেমিতে খেলা রোনালদো জুনিয়র।
‘ক্রিস্টিয়ানিনিয়ো’ নামে পরিচিত এই তরুণের জন্য অবশ্য পর্তুগালের বয়সভিত্তিক জাতীয় দলে খেলা নতুন কিছু নয়। গত বছরের মে মাসে দেশটির অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তাঁর। পরবর্তী সময়ে খেলেছেন অনূর্ধ্ব-১৬ দলেও।
অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬—এই দুই দলের হয়ে এখন পর্যন্ত মোট ১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রোনালদো জুনিয়র। এর মধ্যে পাঁচটি গোল করেছেন তিনি। অনূর্ধ্ব-১৫ দলের হয়ে চার ম্যাচে দুটি এবং অনূর্ধ্ব-১৬ দলের হয়ে নয় ম্যাচে তিনটি গোল রয়েছে তাঁর।
ক্লাব পর্যায়েও নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন রোনালদোর ছেলে। পর্তুগিজ সংবাদমাধ্যম জিরোজিরোর তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে আল নাসরের বয়সভিত্তিক দলের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন তিনি। এসব ম্যাচে তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন রোনালদো জুনিয়র।
এবার জাতীয় দলের আরও উঁচু পর্যায়ে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি।
আগামী ১১ নভেম্বর আন্দোরার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অভিযান শুরু করবে পর্তুগাল। এরপর ১৪ নভেম্বর বুলগেরিয়ার মুখোমুখি হবে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ নভেম্বর তাদের প্রতিপক্ষ সার্বিয়া।
বাছাইপর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে পর্তুগালের ওইরাসে দেশটির ফুটবল ফেডারেশনের অনুশীলনকেন্দ্রে। পরবর্তী রাউন্ডে জায়গা করে নিতে হলে গ্রুপের সেরা দুই দলের মধ্যে থাকতে হবে পর্তুগালকে।
বাবার মতোই আক্রমণভাগে খেলেন রোনালদো জুনিয়র। এ কারণে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর তুলনা হওয়াটা স্বাভাবিক। তবে ছেলের ওপর অযথা প্রত্যাশার চাপ তৈরি করতে চান না পর্তুগিজ এই মহাতারকা। এর আগে বিভিন্ন সময়ে ছেলের ফুটবল ক্যারিয়ার নিয়ে নিজের দৃষ্টিভঙ্গির কথা জানিয়েছেন তিনি।
রোনালদোর মতে, প্রতিভা থাকলেই সর্বোচ্চ পর্যায়ে সফল হওয়া যায় না। এর জন্য কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং একাগ্রতার কোনো বিকল্প নেই।
ছেলের ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান জানিয়ে রোনালদো বলেছিলেন, ‘আমরা দেখব, সে বড় ফুটবলার হতে পারে কি না। এখনও সে সেই পর্যায়ে পৌঁছায়নি।’
ছেলের গতি ও ড্রিবলিংয়ের দক্ষতার প্রশংসা করেছেন রোনালদো। তবে শুধু এসব গুণ থাকলেই একজন সফল ফুটবলার হওয়া সম্ভব নয় বলেও মনে করিয়ে দিয়েছেন তিনি।
পেশাদার ফুটবলে নিজের মতো করে ক্যারিয়ার গড়ার জন্য ছেলেকে কোনো চাপ দিতে চান না রোনালদো। ভবিষ্যতে যে পেশাই বেছে নিক না কেন, সেখানে নিজের সর্বোচ্চটা দেওয়াই তাঁর প্রত্যাশা।
বাবার পরিচয়ের বাইরে নিজস্ব পরিচয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন রোনালদো জুনিয়র। অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ দলের পর এবার পর্তুগালের অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে ডাক পাওয়া তাঁর সেই পথচলার আরেকটি উল্লেখযোগ্য অগ্রগতি।
/এসএন