আন্তর্জাতিক ফুটবলে পক্ষপাতিত্বের অভিযোগের প্রেক্ষাপটে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। মঙ্গলবার (৮ জুলাই) বিশ্বকাপ ফুটবলে ফিফা প্রেসিডেন্টের ভূমিকা খতিয়ে দেখতে বিশেষ উদ্যোগ নিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা।
এ উদ্যোগের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ২৭টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের কাছেও একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। এপি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চিঠিতে ইউরোপের ফুটবল সংশ্লিষ্ট সবাইকে ফিফার কথিত পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইউরোপীয় নীতিনির্ধারকদের মতে, বিশ্বকাপ ফুটবলের স্বচ্ছতা ও সততা বজায় রাখতে এখনই ইউরোপের দেশগুলোর হস্তক্ষেপ করা প্রয়োজন। একই সঙ্গে বালোগান মামলার সিদ্ধান্ত গ্রহণের পুরো প্রক্রিয়া নিয়ে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবিও তোলা হয়েছে।
মূলত গত সপ্তাহে বসনিয়া ও হার্জেগোভিনার একটি ম্যাচকে কেন্দ্র করে এই বিতর্কের সূচনা হয়। ওই ম্যাচে বালোগান সরাসরি লাল কার্ড দেখেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই লাল কার্ডকে ‘অন্যায়’ বলে অভিহিত করেন।
এরপর ফিফা একটি আইনি ফাঁকফোকর ব্যবহার করে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে শোনা যাচ্ছে, এ বিষয়ে ট্রাম্প ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করেছিলেন এবং ‘একটি বিশাল অন্যায়ের অবসান ঘটানোর জন্য’ তাকে ধন্যবাদও জানান।
এই ঘটনাকে কেন্দ্র করে ফিফার নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহের সৃষ্টি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। পাশাপাশি ফিফার এ নজিরবিহীন সিদ্ধান্ত ইউরোপজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা এ ঘটনায় কঠোর সমালোচনা করে বলেছে, ‘এটি একটি নজিরবিহীন, অবিশ্বাস্য এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য ঘটনা।’
উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর একাধিক ম্যাচে ফিফা, এর কর্তৃপক্ষ এবং রেফারিদের ঘিরে বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতারা এসব অভিযোগের পাশাপাশি খেলার ফলাফলের ওপর রাজনৈতিক চাপ, স্পন্সর-সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন ইস্যুও খতিয়ে দেখবেন।
/এসএন