• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৮:০৭ পিএম


আর্জেন্টিনা ম্যাচের বিতর্কিত রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাল মিশর!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুলাই ২০২৬ ৬:৪৪ পিএম

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের অভিযোগ তুলে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। একই সঙ্গে ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার অফিশিয়ালদের টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিশর। ম্যাচ শেষে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানায় দলটি। পরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে উত্থাপন করা হয়।

মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে পাঠানো চিঠিতে ম্যাচের গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্তের তদন্ত দাবি করেছেন। তার অভিযোগ, রেফারির একাধিক সিদ্ধান্ত ম্যাচের গতিপথ বদলে দিয়েছে এবং ফলাফলের ওপর সরাসরি প্রভাব ফেলেছে।

মিশরের প্রধান আপত্তিগুলোর একটি ছিল ম্যাচের ৬২তম মিনিটে মোস্তফা জিকোর করা গোল বাতিলের সিদ্ধান্ত। ভিএআরের পর্যালোচনার পর বিল্ডআপে ফাউলের অভিযোগ তুলে গোলটি বাতিল করেন রেফারি।

এছাড়া আর্জেন্টিনার জয়সূচক তৃতীয় গোল নিয়েও আপত্তি জানিয়েছে মিশর। তাদের দাবি, গোলের আগে হামদি ফাথির ওপর ফাউল করা হলেও সেটি ভিএআরে যথাযথভাবে পর্যালোচনা করা হয়নি। সংস্থাটির মতে, ওই সিদ্ধান্তও ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মিশরের প্রধান কোচ হোসাম হাসানও রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ম্যাচের ফল যেন আগেই নির্ধারিত ছিল এবং রেফারির ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে চাপ ছিল। তবে এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

এদিকে, মিশরের আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ফিফা।

/এএসএফ