• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৮:০৩ পিএম


মিশরের বাতিল গোল নিয়ে মুখ খুললেন মরিনহো, বললেন ‘দিনের আলোয় ডাকাতি’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুলাই ২০২৬ ৫:৫৪ পিএম

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মিশরের বিতর্কিত হারের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো। ম্যাচে ভিএআরের মাধ্যমে মিশরের একটি গোল বাতিল করার সিদ্ধান্তকে তিনি ‘দিনের আলোয় ডাকাতি’ বলে মন্তব্য করেছেন।

মরিনহোর মতে, গোল হওয়ার পর ভিএআরের হস্তক্ষেপে সেটি বাতিল করা ফুটবলের স্বাভাবিক চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, যদি সত্যিই ফাউল হয়ে থাকে, তাহলে রেফারির উচিত ছিল ঘটনাস্থলেই খেলা থামিয়ে দেওয়া। গোল হওয়ার পর সিদ্ধান্ত পরিবর্তন করে সেটি বাতিল করা গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি আরও বলেন, এ ধরনের সিদ্ধান্ত একটি দলের দীর্ঘ সময়ের পরিশ্রম মুহূর্তের মধ্যেই নষ্ট করে দিতে পারে। একই সঙ্গে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে এমন বিতর্কিত সিদ্ধান্ত ফুটবলের ভাবমূর্তির ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।

আর্জেন্টিনা-মিশরের ম্যাচে মিশরের একটি গোল ভিএআরের পর্যালোচনার পর বাতিল করা হয়। ভিএআরের সিদ্ধান্তে বলা হয়, গোলের আগে আক্রমণ গড়ে তোলার সময় মিশরের মারওয়ান আতিয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করেছিলেন।

তবে শুধু ওই গোল বাতিলই নয়, ম্যাচে পেনাল্টির আবেদনসহ আরও কয়েকটি রেফারিং সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ প্রকাশ করে মিশর শিবির। ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় আফ্রিকার প্রতিনিধিরা।

মিশরের অভিযোগ এবং রেফারিং নিয়ে চলমান বিতর্কের মধ্যেই হোসে মরিনহোর এই মন্তব্য নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

সূত্র: বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম

/এএসএফ