• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১২:৩০ এএম


সুগন্ধি চালের বাজারে অস্থিরতা, এক মাসেই কেজিতে ৮০ টাকা পর্যন্ত দাম বেড়েছে সুগন্ধি চালের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ আগস্ট ২০২৬ ৪:০২ পিএম

দেশের বাজারে বিভিন্ন জাতের সুগন্ধি চালের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। গত এক মাসে মানভেদে প্রতি কেজি চালের দাম ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের দাবি, সুগন্ধি চালের রফতানি বাড়ায় স্থানীয় বাজারে সরবরাহের চাপ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে দামে।

রাজধানীসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খোলা পোলাওয়ের চালের দাম দ্রুত বাড়ছে। কয়েক মাস আগে যে চাল প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি হতো, বর্তমানে সেটি ১৭০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যদিকে প্যাকেটজাত সুগন্ধি চালের দাম আগের মতোই প্রতি কেজি ২১০ টাকা রয়েছে।

খুচরা বিক্রেতাদের ভাষ্য, সুগন্ধি চালের রফতানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে কিছুটা সংকটের সৃষ্টি হয়েছে। ফলে বাজারে এসব চালের দাম ধারাবাহিকভাবে বাড়ছে।

পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, বিদেশে বসবাসকারী প্রবাসীদের মধ্যে চিনিগুড়া চালের চাহিদা বৃদ্ধি পাওয়ায় রফতানিও বেড়েছে। এর পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে চাল মজুদ করছেন বলেও অভিযোগ করেন তারা।

এ বিষয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান বলেন, বাজারে চালের প্রকৃত কোনো সংকট নেই। তার ধারণা, অতিরিক্ত মুনাফার আশায় অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াচ্ছেন।

এদিকে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দুই দফায় মোট ২৩ হাজার ৯৫৯ টন সুগন্ধি চাল রফতানির অনুমতি দেওয়া হয়েছে।

/এসএন