• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম


আন্তর্জাতিক মোটর রেসিংয়ে ইতিহাস গড়লেন অভিক আনোয়ার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ এপ্রিল ২০২৬ ১০:৪৯ পিএম

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ‘গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপ সিরিজ ২০২৫–২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। রেনল্ট ক্লিও বিভাগে রাউন্ড ৭–এ ১০ প্রতিযোগীর মধ্যে সেরা হয়ে তিনি এই শিরোপা জিতেছেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে রেনল্ট ক্লিও ক্লাস চ্যাম্পিয়ন ২০২৫–২৬ হয়েছেন।

শুধু তাই নয়, পুরো আসরে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে অভিক আনোয়ার ওভারঅল ইউএই ট্যুরিং কার চ্যাম্পিয়ন ২০২৫–২৬ হওয়ার গৌরবও অর্জন করেছেন। একজন বাংলাদেশি হিসেবে এটি প্রথম এমন সাফল্য।

অভিক জানান, মোট ৪০ জন আন্তর্জাতিক প্রতিযোগীর মধ্যে তিনি ৩৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন, যেখানে দ্বিতীয় স্থানে থাকা প্রতিযোগীর পয়েন্ট ২০৭। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তিনি এই সাফল্য অর্জন করেছেন।

তিনি বলেন, বৃষ্টিভেজা ট্র্যাকে অন্যরা উপযুক্ত টায়ার ব্যবহার করলেও তিনি সরু টায়ার নিয়েই প্রতিযোগিতায় অংশ নেন এবং সেখানেই অসাধারণ পারফরম্যান্স দেখাতে সক্ষম হন।

রেস সম্পন্ন করার পর অভিক আনোয়ার

এই চ্যাম্পিয়নশিপে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ভারত, রাশিয়া, ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নেন। এমন কঠিন প্রতিযোগিতায় অভিকের এই অর্জন বাংলাদেশের মোটরস্পোর্টসের জন্য একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

অভিক আনোয়ার বলেন, এই সাফল্য শুধু তার ব্যক্তিগত নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করার একটি বড় পদক্ষেপ।