প্রথমার্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখল আলজেরিয়া। সান ফ্রান্সিসকো বে স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘জে’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জর্ডানকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রেখেছে উত্তর আফ্রিকার দেশটি।
এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের মঞ্চে এক যুগ পর জয় পেল আলজেরিয়া। ২০১৪ বিশ্বকাপের পর এবারই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচে জয়ের স্বাদ পেল তারা। অন্যদিকে টানা দুই ম্যাচে হেরে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা জর্ডানের বিদায় নিশ্চিত হয়ে গেছে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় আলজেরিয়া। তবে খেলার ধারার বিপরীতে প্রথম গোলটি করে জর্ডান। ম্যাচের ৩৬তম মিনিটে নিজার আল-রাশদানের দারুণ এক গোলে এগিয়ে যায় এশিয়ার দলটি। সেই লিড নিয়েই বিরতিতে যায় জর্ডান।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা শুরু করে আলজেরিয়া। অবশেষে ৬৯তম মিনিটে সমতা ফেরান নাদির বেনবুয়ালি। তার গোলের পর ম্যাচে নতুন গতি পায় আলজেরিয়া এবং একের পর এক আক্রমণে চাপে ফেলে জর্ডানের রক্ষণভাগকে।
আলজেরিয়ার চাপের মুখে শেষ পর্যন্ত ভেঙে পড়ে জর্ডানের ডিফেন্স। ম্যাচের ৮২তম মিনিটে আমিনে গুইরির দুর্দান্ত গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকার দলটি। বাকি সময়ে আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে আলজেরিয়া।
এই জয়ের ফলে ‘জে’ গ্রুপের সমীকরণ আরও জমে উঠেছে। প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে দুই ম্যাচ শেষে অস্ট্রিয়া ও আলজেরিয়া—দুই দলেরই সংগ্রহ ৩ পয়েন্ট।
ফলে গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রিয়া ও আলজেরিয়ার মুখোমুখি লড়াইই নির্ধারণ করবে দ্বিতীয় দল হিসেবে কারা নকআউট পর্বে জায়গা করে নেবে।
অন্যদিকে, প্রথম দুই ম্যাচেই হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে জর্ডানের। শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে জয় পেলেও হেড-টু-হেড বিবেচনায় তারা অস্ট্রিয়া ও আলজেরিয়ার ওপরে উঠতে পারবে না। ফলে গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল জর্ডানের।
সূত্র: ফিফা বিশ্বকাপ
/এএসএফ