• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ এএম


বিশ্বকাপে পেনাল্টি মিসের নতুন রেকর্ড গড়লেন মেসি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুন ২০২৬ ১২:৫৭ এএম

লিওনেল মেসির নামের পাশে এবার যুক্ত হলো এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড। ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড এখন আর্জেন্টাইন অধিনায়কের দখলে।

সোমবার গ্রুপ জে-তে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে একটি পেনাল্টি মিস করেন মেসি। বিশ্বকাপে তার ক্যারিয়ারে এটি ছিল তৃতীয় পেনাল্টি মিস। তবে এই পরিসংখ্যানে টাইব্রেকার বা শুটআউটের পেনাল্টিগুলো অন্তর্ভুক্ত নয়।

১৯৬৬ সাল থেকে ফিফা বিশ্বকাপে পেনাল্টির রেকর্ড সংরক্ষণ শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত কোনো ফুটবলার বিশ্বকাপে তিনটি পেনাল্টি মিস করেননি। সেই হিসেবে প্রথম খেলোয়াড় হিসেবে এই রেকর্ডের মালিক হলেন মেসি।

এর আগে বিশ্বকাপে সবচেয়ে বেশি দুটি পেনাল্টি মিসের রেকর্ড ছিল ঘানার সাবেক স্ট্রাইকার আসামোয়া গিয়ানের। এতদিন সেটিই ছিল সর্বোচ্চ। তবে অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়ে সেই রেকর্ড ভেঙে এগিয়ে গেলেন মেসি।

বর্তমানে ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা ম্যাচটিতে আরেকটি ঐতিহাসিক মাইলফলকের সামনে দাঁড়িয়েছিলেন। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার জন্য তার প্রয়োজন ছিল মাত্র একটি গোল। কিন্তু পেনাল্টি থেকে নেওয়া শটটি পোস্টের বাইরে চলে যায়।

ফলে বিশ্বকাপে ১৬ গোল নিয়ে তিনি জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজের সমানেই অবস্থান করছেন।