• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ এএম


অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে বিশ্বকাপে ১৮ গোল ছুঁলেন মেসি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুন ২০২৬ ১:৩৪ এএম

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমে নাটকীয় এক জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে পেনাল্টি মিস করলেও শেষ পর্যন্ত জোড়া গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। চতুর্থ মিনিটে বক্সে লাউতারো মার্তিনেজ ফাউলের শিকার হলে ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু ইতিহাস গড়ার সুযোগ সামনে পেয়েও পেনাল্টি থেকে গোল করতে পারেননি মেসি। বক্সের ডান পাশে নেওয়া তার শট লক্ষ্যের বাইরে চলে যায়।

পেনাল্টি মিসের পর কিছুটা এলোমেলো ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার উচ্চগতির গেগেনপ্রেসিংয়ে বেশ চাপে পড়ে যায় লিওনেল স্কালোনির দল। এমন পরিস্থিতিতে হাইড্রেশন ব্রেক যেন স্বস্তি এনে দেয় আকাশি-সাদাদের।

এরপর ধীরে ধীরে নিজেদের ছন্দ ফিরে পায় আর্জেন্টিনা। ৩৮ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বাম দিক থেকে আসা একটি পাস মাঝপথে একজন সতীর্থ ডামি করলে বল পৌঁছে যায় মেসির কাছে। বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ এক শটে অস্ট্রিয়ার জালে বল জড়ান তিনি। এই গোলেই জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে জায়গা করে নেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রথমার্ধ শেষ হয় আর্জেন্টিনার ১-০ ব্যবধানে এগিয়ে থেকে।

বিরতির পর অস্ট্রিয়া সমতায় ফেরার চেষ্টা চালায়। এক পর্যায়ে বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক থেকে গোলের সুযোগ তৈরি করলেও দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ।

দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন আনেন কোচ স্কালোনি। ৫৮ মিনিটে অস্বস্তি অনুভব করায় ক্রিস্টিয়ান রোমেরোকে তুলে মাঠে নামানো হয় নিকোলাস ওতামেন্দিকে। পরে ৬৫ মিনিটে লাউতারো মার্তিনেজ ও এনজো ফার্নান্দেজের জায়গায় নামেন হুলিয়ান আলভারেজ ও নিকো গঞ্জালেজ। ৮১ মিনিটে ফাকুন্দো মেদিনা ও রদ্রিগো দি পলের পরিবর্তে মাঠে আসেন নিকোলাস তাগলিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেস।

৭৩ মিনিটে কর্নার থেকে আসা বলে নিকো গঞ্জালেজের হেড অল্পের জন্য বারের পাশ দিয়ে বেরিয়ে যায়। তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আরও একবার জ্বলে ওঠেন মেসি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণে প্রথমে হুলিয়ান আলভারেজ সুযোগ নষ্ট করেন। পরে মেসির একটি শট ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে এলেও জটলার মধ্য থেকে অসাধারণ দক্ষতায় বল জালে পাঠান আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়ায় ১৮-তে। চলতি বিশ্বকাপেই দুই ম্যাচে তিনি করেছেন পাঁচ গোল।

এদিকে ম্যাচ চলাকালে ডালাস স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন কলম্বিয়ান গায়িকা শাকিরা। গ্যালারিতে বসে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার লড়াই উপভোগ করতে দেখা যায় তাকে।