• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পিএম


ইউটিউবে সোনা-টাকার ভিডিও, রাতেই বাড়ি থেকে ৮০ ভরি গহনা চুরি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৯ পিএম

ভারতের তামিলনাড়ুর কন্যাকুমারী জেলায় চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। ইউটিউবে সোনা ও টাকাসহ পরিবারের মূল্যবান সামগ্রীর ভিডিও প্রকাশের পর রাতের আঁধারে একটি বাড়িতে চুরি হয়েছে। পুলিশ জানিয়েছে, চোরেরা বাড়ি থেকে প্রায় ৮০ ভরি সোনার গহনা নিয়ে গেছে। চুরি যাওয়া গহনার আনুমানিক মূল্য প্রায় এক কোটি রুপি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চুরির ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মধুমিতার পুরোনো কয়েকটি ভিডিও নতুন করে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে তাকে সোনার গহনা, পরিবারের বিভিন্ন মূল্যবান সামগ্রী এবং অন্যান্য জিনিসপত্র প্রদর্শন করতে দেখা যায়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এসব ভিডিও দেখেই চোরেরা বাড়িতে হামলা চালিয়েছে কি না, সে বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মধুমিতা ও তার স্বামী বিনোদ কুমার বাড়ি থেকে বের হন।

রাত ১১টা ৫০ মিনিটের দিকে তারা বাড়িতে ফিরে আসেন। এ সময় সামনের দরজা খুলতে না পারায় তাদের সন্দেহ হয়। পরে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে একজন কাঠমিস্ত্রিকে ডেকে আনা হয়।

কাঠমিস্ত্রির সহায়তায় দরজা খোলার পর বাড়ির ভেতরে ঢুকে তারা দেখতে পান, মূল্যবান সামগ্রী রাখা জায়গাগুলোতে তল্লাশি চালানো হয়েছে এবং সোনার গহনাগুলো নেই।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোও তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত ওই ভিডিওগুলোর সঙ্গে চুরির সরাসরি কোনো যোগসূত্র নিশ্চিত করেনি পুলিশ।

/এএসএফ