• ঢাকা
  • রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ এএম


আর্জেন্টিনার জার্সির রহস্যময় ‘১৮৯৩’ সংখ্যার পেছনের ইতিহাস

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুন ২০২৬ ৬:১৫ পিএম

বিশ্বকাপ ফুটবলের যাত্রা শুরু ১৯৩০ সালে। তবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সিতে ‘১৮৯৩’ লেখা দেখা যায়। বিষয়টি নিয়ে অনেক ফুটবলপ্রেমীর মধ্যেই কৌতূহল রয়েছে। প্রশ্ন উঠতে পারে, বিশ্বকাপের জন্মেরও বহু আগে এই সালটি কেন জার্সিতে স্থান পেয়েছে?

জার্সিতে থাকা ‘১৮৯৩’ আসলে একটি ঐতিহাসিক সাল, যা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রতিষ্ঠার বছরকে স্মরণ করিয়ে দেয়। নিজেদের ফুটবল ঐতিহ্য, ইতিহাস এবং শিকড়ের প্রতি সম্মান জানাতেই জার্সিতে এই সালটি যুক্ত করা হয়েছে।

ইতিহাস অনুযায়ী, স্কটিশ শিক্ষক ও ক্রীড়াবিদ আলেকজান্ডার ওয়াটসন হাটন ১৮৯৩ সালে ‘আর্জেন্টাইন অ্যাসোসিয়েশন ফুটবল লিগ’ প্রতিষ্ঠা করেন। তাকে আর্জেন্টিনার ফুটবলের জনক হিসেবে বিবেচনা করা হয়। ইউরোপের বাইরে বিশ্বের প্রথম ফুটবল অ্যাসোসিয়েশন হিসেবেও এটি পরিচিত।

আলেকজান্ডার ওয়াটসন হাটন বুয়েনস এইরসে একটি ইংলিশ হাইস্কুল প্রতিষ্ঠা করেন। পাশাপাশি তিনি ‘অ্যালামনাই’ নামে একটি ফুটবল ক্লাবও গড়ে তোলেন। ১৯১১ সালে বন্ধ হয়ে যাওয়ার আগে ক্লাবটি ২২টি শিরোপা জিতে তৎকালীন আর্জেন্টিনার সবচেয়ে সফল দল হিসেবে পরিচিতি লাভ করে।

তাই আর্জেন্টিনার জার্সিতে থাকা ‘১৮৯৩’ কোনো গোপন সংকেত বা রহস্যময় সংখ্যা নয়। এটি দেশটির ফুটবল ইতিহাসের সূচনা, ঐতিহ্য এবং গৌরবময় উত্তরাধিকারের প্রতীক। লাতিন আমেরিকার ফুটবলের শতবর্ষেরও বেশি সময়ের সমৃদ্ধ ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় এই একটি সংখ্যা।

/এসএন