সাজাপ্রাপ্ত শেখ হাসিনাসহ পলাতক অন্যান্য আসামিদের দেশে ফিরিয়ে দিতে প্রতিবেশী রাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রকে অফিশিয়ালি রিকোয়েস্ট করেছি—আপনারা সাজাপ্রাপ্ত শেখ হাসিনাসহ পলাতক অন্যান্য আসামিদেরকে ফেরত দিন। তারা যদি স্বেচ্ছায় আসেন, আইনের মুখোমুখি হন, তাহলে তো ভালো। আইন নিজস্ব গতিতে চলবে।’
তিনি বলেন, বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তি দেশে ফিরে আসার কথা বলে তাদের অনুসারীদের মধ্যে উৎসাহ সৃষ্টির চেষ্টা করছেন বলে সরকার জানে। তবে যারা দেশে ফিরবেন, তাদের আইনের মুখোমুখি হতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চান এবং তার ভাষায়, এক মাসের মধ্যে প্রায় ১ হাজার ৪০০ নাগরিককে হত্যার সঙ্গে জড়িত, তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি গত ১৫ বছরের বিভিন্ন সময়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও হেফাজতে মৃত্যুর অভিযোগের কথাও উল্লেখ করেন।
তিনি প্রশ্ন তুলে বলেন, যারা ওই সময়ের হত্যাকাণ্ডের জন্য কোনো দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করেননি, তারা বিদেশ থেকে আবার বাংলাদেশে রাজনীতি করার কথা বলছেন। সরকারের পক্ষ থেকে তাদের বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানানো হচ্ছে বলেও তিনি জানান।
এদিকে পুলিশে পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আগামী সপ্তাহে এ ইউনিট গঠন করা হবে। পুলিশ সদর দপ্তরে ইউনিটটির নেতৃত্বে একজন অতিরিক্ত আইজিপির পদ তৈরি করার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সাইবার সিকিউরিটি ইউনিটের শাখা মেট্রোপলিটন, জেলা ও বিভাগীয় পর্যায়ে থাকবে। এসব ইউনিটে আধুনিক প্রযুক্তির সরঞ্জাম সরবরাহ করা হবে। থানা ও জেলা পর্যায় থেকে শুরু করে বড় আকারের ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা পুলিশ সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে রাখা হবে।
জটিল ধরনের সাইবার অপরাধের বিষয়গুলো কেন্দ্রীয় পর্যায়ে এবং যেসব ঘটনা স্থানীয় পর্যায়ে বিশ্লেষণ করা সম্ভব, সেগুলো থানা, জেলা ও বিভাগীয় পর্যায়েই নিষ্পত্তির জন্য কাজ করা হবে বলে জানান তিনি। এ বিষয়ে প্রকল্প প্রণয়নের জন্য কয়েক সপ্তাহ আগেই নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পুলিশ সপ্তাহ-২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং বিভিন্ন উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের পদক দেওয়া হয়।
অনুষ্ঠানে পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের সদস্যদের পদক প্রদান করা হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।
/এএসএফ