• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম


আগামী মাসে মালদ্বীপ সফরে যাচ্ছেন মসজিদে হারামের ইমাম ইয়াসির আদ-দাওসারি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৭ পিএম

আগামী মাসে মালদ্বীপ সফরে যাচ্ছেন মসজিদে হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দাওসারি। মালদ্বীপের ইসলামবিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ শাহিম আলী সাঈদ এ তথ্য জানিয়েছেন।

মালদ্বীপে অনুষ্ঠিত ৩৮তম জাতীয় কোরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান এবং ‘জাতীয় খতিব কনফারেন্সে’ তিনি অংশ নেবেন বলে জানা গেছে।

তবে শায়খ ইয়াসির আদ-দাওসারির সফরের নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি। শিগগিরই তার সফরের কর্মসূচি, সম্ভাব্য সফরসূচি এবং কোন কোন অনুষ্ঠানে তিনি অংশ নেবেন, তা বিস্তারিত প্রকাশ করা হবে।

মালদ্বীপের ইসলামবিষয়ক মন্ত্রী শায়খ ইয়াসির আদ-দাওসারিকে দেশটির মুসলিমদের কাছে অত্যন্ত প্রিয় ও সম্মানিত একজন ইমাম হিসেবে উল্লেখ করেছেন। সুমধুর কোরআন তেলাওয়াত ও খুতবার মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই ইমামের মালদ্বীপ সফরকে দেশটির মুসলিম সমাজের জন্য তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

এ সফরের মধ্য দিয়ে ৪৩ বছর পর মসজিদে হারামের কোনো ইমাম মালদ্বীপ সফর করবেন বলে জানানো হয়েছে।

সর্বশেষ মসজিদে হারামের ইমাম হিসেবে শায়খ মুহাম্মদ বিন আবদুল্লাহ আল-সুবাইল মালদ্বীপ সফর করেছিলেন। দেশটির ইসলামিক সেন্টার উদ্বোধন উপলক্ষে তিনি ওই সফরে গিয়েছিলেন।

দীর্ঘ বিরতির পর আবারও মসজিদে হারামের একজন ইমামের মালদ্বীপ সফর দেশটির সঙ্গে পবিত্র মক্কার ধর্মীয় ও সাংস্কৃতিক যোগাযোগের ক্ষেত্রে নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

/এএসএফ