• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১২:৩৪ পিএম


বাংলাদেশি সমর্থকদের ভালোবাসার টানে ঢাকায় আর্জেন্টিনার প্রতিনিধি দল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুন ২০২৬ ১:২৬ পিএম

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের অসাধারণ ভালোবাসা ও সমর্থন কাছ থেকে দেখতেই বাংলাদেশ সফরে এসেছেন আর্জেন্টাইন ভ্রমণ লেখক, কনটেন্ট ক্রিয়েটর ও সাংস্কৃতিক দূত ড্যান লান্দে। তার সঙ্গে আর্জেন্টিনার আরও কয়েকজন সৃজনশীল পেশাজীবীও ঢাকায় অবস্থান করছেন।

সোমবার (২২ জুন) রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার বিশ্বকাপ ম্যাচ বড় পর্দায় উপভোগ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে উপস্থিত থাকার কথা রয়েছে ড্যান লান্দে ও তার দলের।

এ আয়োজনকে ঘিরে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। জানা গেছে, বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসাও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।

এর আগে রোববার সকালে ড্যান লান্দে ও তার সফরসঙ্গীরা ঢাকায় পৌঁছান। তার সঙ্গে এসেছেন আর্জেন্টিনার সৃজনশীল পেশাজীবী ম্যানুয়েল হাভিয়ের এসকেরা রামোন, মার্তিন দে এসকালাদা, মার্তিনা জয়ে গন্ডেল এবং সান্তিয়াগো কন্দে।

বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের বিপুল জনপ্রিয়তা ও সমর্থকদের আবেগ আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকদের উচ্ছ্বাস আর্জেন্টিনার জনগণের মধ্যেও কৌতূহল ও আগ্রহ সৃষ্টি করেছে।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি আর্জেন্টিনাবাসীর কৃতজ্ঞতা ও ভালোবাসার বার্তা পৌঁছে দিতেই ড্যান লান্দে ও তার দলের এই সফর বলে জানা গেছে। সফরকালে তারা দেশের বিভিন্ন স্থানে ঘুরে দেখবেন এবং স্থানীয় সমর্থকদের সঙ্গে মতবিনিময় করবেন।

/এএসএফ