• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৬ এএম


খামার থেকে চিড়িয়াখানায়, যত্নের অভাবে বদলে গেছে ‘ডোনাল্ড ট্রাম্প’!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ জুন ২০২৬ ৯:২২ পিএম

কোরবানির ঈদের আগে ব্যাপক আলোচনায় আসা দেশের একটি খামারের অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠেছে, বর্তমানে চিড়িয়াখানায় থাকা বিরল প্রাণীটি যথাযথ পরিচর্যার অভাবে অবহেলার শিকার হচ্ছে।

একসময় খামারে বিশেষ যত্নে লালন-পালন করা এবং ব্যতিক্রমী বাহ্যিক সৌন্দর্যের কারণে আলোচনায় আসা এই মহিষটি প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বিক্রি হয়নি। পরে জনসাধারণের আগ্রহ বিবেচনায় প্রাণীটিকে চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়। তবে সেখানে নেওয়ার পর থেকেই এর পরিচর্যার মান নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও পোস্টে দাবি করা হচ্ছে, আগের তুলনায় মহিষটির শরীরের পরিচ্ছন্নতা ও পরিচর্যায় ঘাটতি দেখা যাচ্ছে। ফলে এর স্বাভাবিক সৌন্দর্য ও উজ্জ্বলতা অনেকটাই ম্লান হয়ে গেছে বলে মন্তব্য করছেন নেটিজেনরা।

বাবু দেওয়ান নামের এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী তার এক পোস্টে উল্লেখ করেন, খামারে থাকার সময় নিয়মিত গোসল, উন্নত খাবার এবং নিবিড় পরিচর্যার কারণে মহিষটির চেহারা ছিল অনেক বেশি আকর্ষণীয়। কিন্তু চিড়িয়াখানায় স্থানান্তরের পর সেই সৌন্দর্য আর আগের মতো নেই বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, সঠিক ব্যবস্থাপনা ও পর্যাপ্ত যত্নের অভাবে অল্প সময়ের মধ্যেই প্রাণীটির শারীরিক অবস্থার অবনতি ঘটছে। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিরল এই অ্যালবিনো মহিষটির সঠিক সংরক্ষণ ও নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রাণীটিকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় রাখা গেলে দর্শনার্থীরাও এটিকে কাছ থেকে দেখার সুযোগ পাবেন।

তবে মহিষটির পরিচর্যা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

/এসএন