• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৬ এএম


৩২ লাখ টাকার গরু কেনা নিয়ে সমালোচনার জবাব দিলেন মন্ত্রী এ্যানির ছেলে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ মে ২০২৬ ৪:০৫ পিএম

দুল আজহাকে সামনে রেখে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ৩২ লাখ টাকায় গরু কেনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মন্ত্রীর ছেলে সারিয়ান চৌধুরী।

মঙ্গলবার (২৬ মে) বিকেল ৫টা ৫২ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি গরু কেনার বিষয়ে ব্যাখ্যা দেন এবং সমালোচকদের উদ্দেশে বিভিন্ন প্রশ্ন তোলেন।

ফেসবুক পোস্টে সারিয়ান চৌধুরী লেখেন, “আমার বাবা পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং উনার ভাইয়েরা পারিবারিক কোরবানি এবং হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদ্রাসার জন্য প্রতি বছর ৬/৭/৮টি গরু ক্রয় করেন। তার ধারাবাহিকতায় এ বছরও ওনারা ৬টি গরু ক্রয় করেছেন।”

সমালোচনার জবাবে তিনি আরও লেখেন, “আজ থেকে ৫০ বছর পর যখন আমার বাবা আর মন্ত্রী থাকবেন না, তখনও কি আমাদের উত্তরসূরিরা ১০টা গরু দিয়ে কুরবানি দিলে এমন অযৌক্তিক সমালোচনার সম্মুখীন হতে হবে? নাকি আমার বাবা কেবল মন্ত্রী হওয়ায় বট বাহিনীর এমন অযৌক্তিক মিথ্যাচারের শিকার হচ্ছেন?”

কোরবানির পশুর মাংস বিতরণ প্রসঙ্গেও পোস্টে মন্তব্য করেন সারিয়ান চৌধুরী। তিনি লেখেন, “সবচেয়ে বড় কথা, সবগুলো গরুই গরিব মানুষের হক। মানুষের হক মানুষের কাছে পৌঁছে যাবে। ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। উনি সব জানেন এবং দেখেন।”

উল্লেখ্য, সম্প্রতি কোরবানির পশুর হাট থেকে ৩২ লাখ টাকায় একটি গরু কেনেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা ধরনের সমালোচনা শুরু হয়।

সেই সমালোচনার প্রেক্ষিতেই বাবার পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ব্যাখ্যামূলক পোস্ট দেন তার ছেলে সারিয়ান চৌধুরী।

/এসএন