• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৬ এএম


‘সন্তান আমার, রাষ্ট্রের নয়’— ৪ বছরের মেয়ের নিরাপত্তায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শটগান চাইলেন বাবা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ মে ২০২৬ ১২:০৬ পিএম

‘সন্তান আমার, রাষ্ট্রের নয়’— এমন হৃদয়স্পর্শী বক্তব্য লিখে নিজের চার বছর বয়সী কন্যাসন্তানের নিরাপত্তার স্বার্থে শটগানের আবেদন করেছেন বরগুনার এক বাসিন্দা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও মানবিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বরাবর আবেদনটি করেন মাসুদুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের বাসিন্দা।

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো আবেদনে দেশে শিশুদের প্রতি বাড়তে থাকা সহিংসতা, নির্যাতন ও নিরাপত্তাহীনতার বিষয় তুলে ধরে নিজের কন্যাসন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মাসুদুল ইসলাম।

আবেদনপত্রে তিনি লেখেন, “আমি নিম্নস্বাক্ষরকারী স্বাধীন বাংলাদেশের একজন বৈধ নাগরিক। আমার একজন কন্যা সন্তান আছে, যার বয়স ৪ বছর। কিছু বছর যাবৎ শিশুদের প্রতি বর্বরতার চিত্র ও তা নিয়ে রাষ্ট্রের উদাসীনতা দেখে আমি আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে স্বাভাবিক জীবন পরিচালনায় ব্যর্থ হচ্ছি।”

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, “বিভিন্ন ঘটনার বিশ্লেষণে দেখলাম সন্তান আমার, রাষ্ট্রের নয়। তাই রাষ্ট্রের কাছে তার নিরাপত্তা চেয়ে মহামান্যদের উপভোগ্য ক্ষমতার মহামূল্যবান সময় নষ্ট করে নিজেকে কলুষিত করবো না। আমার নিষ্পাপ সন্তানের নিরাপত্তার দায়িত্ব আমি নিজেই নিতে চাই বিধায় বৈধ উপায়ে একটি শটগান একান্ত প্রয়োজন।”

আবেদনের শেষ অংশে জননিরাপত্তা বিভাগের মাধ্যমে শটগান পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি। আবেদনপত্রের সঙ্গে দুই সেট আনুষঙ্গিক নথি সংযুক্ত করার কথাও উল্লেখ রয়েছে।

আবেদনপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে কেবল অস্ত্রের আবেদন হিসেবে নয়, বরং একজন অসহায় বাবার ভয়, হতাশা এবং রাষ্ট্রের প্রতি আস্থাহীনতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বর্তমান সামাজিক বাস্তবতায় শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের উদ্বেগ বাড়ছে। সেই প্রেক্ষাপটে এই আবেদন মানুষের আবেগকে নাড়া দিয়েছে।

মানবাধিকারকর্মী আরিফুর রহমান বলেন, “এ ধরনের আবেদন সমাজের অসুস্থ পরিস্থিতির একটি প্রতিফলন। মানুষ এখন বিচার ও নিরাপত্তাব্যবস্থার ওপর আস্থা হারাচ্ছে। এটি রাষ্ট্রের জন্যও একটি সতর্কবার্তা।”

তবে বিভিন্ন মাধ্যমে আবেদনকারী মাসুদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

/এসএন