মানুষ তার ক্ষণস্থায়ী জীবনে সুখ, শান্তি ও নিরাপত্তার সন্ধানে প্রতিনিয়ত ছুটে চলে। চাওয়া-পাওয়ার দীর্ঘ তালিকায় কেউ সম্পদ, কেউ দীর্ঘায়ু, আবার কেউ জাগতিক সফলতার জন্য প্রার্থনা করেন। তবে ইসলামের শিক্ষা হলো—দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ আল্লাহর কাছে চাওয়া।রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো এমনই একটি গুরুত্বপূর্ণ দোয়া হলো ‘আফিয়াহ’। এর মধ্যে রয়েছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা, কল্যাণ ও সুস্থতার আবেদন।হজরত আব্বাস (রা.)-কে ‘আফিয়াহ’ চাইতে বলেছিলেন রাসুলুল্লাহ (সা.)হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.)-এর চাচা হজরত আব্বাস ইবনু আবদুল মুত্তালিব (রা.) একদিন তাঁর কাছে এসে বললেন, ‘হে আল্লাহর রাসুল! আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন, যা আমি আল্লাহর কাছে চাইব।’জবাবে রাসুলুল্লাহ (সা.) তাকে আল্লাহর কাছে ‘আফিয়াহ’ প্রার্থনা করতে বলেন।কয়েক দিন পর হজরত আব্বাস (রা.) আবার একই বিষয়ে জানতে চাইলে রাসুলুল্লাহ (সা.) বলেন—يَا عَبَّاسُ يَا عَمَّ رَسُولِ اللَّهِ سَلُوا اللَّهَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِঅর্থ: ‘হে আব্বাস! হে আল্লাহর রাসুলের চাচা! তোমরা আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতে আফিয়াহ প্রার্থনা কর।’—তিরমিজি: ৩৫১৪‘আফিয়াহ’ বলতে কী বোঝায়?সহজ ভাষায় ‘আফিয়াহ’ বলতে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা, সুস্থতা, কল্যাণ ও বিপদ-আপদ থেকে রক্ষা বোঝায়। এর মধ্যে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক শান্তি, ঈমানের নিরাপত্তা এবং আখিরাতের কল্যাণও অন্তর্ভুক্ত।অর্থাৎ, একজন মানুষ ‘আফিয়াহ’ চাইলে সে আল্লাহর কাছে বিভিন্ন ধরনের কল্যাণ ও অনিষ্ট থেকে নিরাপত্তা কামনা করে। যেমন—- শারীরিকভাবে: রোগ-ব্যাধি ও অসুস্থতা থেকে নিরাপত্তা।- মানসিকভাবে: দুশ্চিন্তা, অশান্তি ও বিষণ্নতা থেকে স্বস্তি।- ঈমানের ক্ষেত্রে: ফিতনা, পাপ ও বিভ্রান্তি থেকে হেফাজত।- আখিরাতে: আল্লাহর শাস্তি থেকে মুক্তি এবং তাঁর রহমত লাভের আবেদন।রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো দোয়ারাসুলুল্লাহ (সা.) দুনিয়া ও আখিরাতের জন্য ক্ষমা ও ‘আফিয়াহ’ প্রার্থনা করতেন। একটি হাদিসে তাঁর শেখানো দোয়াটি এসেছে—اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِঅর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে ক্ষমা এবং আফিয়াহ প্রার্থনা করছি।’—ইবনে মাজাহ: ৩৮৭১; আবু দাউদ: ৫০৭৪দুনিয়া ও আখিরাতের কল্যাণের কোরআনি দোয়াপবিত্র কোরআনেও দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাওয়ার দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন—رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِঅর্থ: ‘হে আমাদের রব! আমাদের দুনিয়াতে কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদের জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন।’—সুরা আল-বাকারা: ২০১মানুষের চাওয়া-পাওয়ার কোনো শেষ নেই। কিন্তু সুস্থতা, নিরাপত্তা ও শান্তি না থাকলে জাগতিক সম্পদের অনেক কিছুই অর্থহীন হয়ে পড়ে। তাই রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ ও নিরাপত্তা চাওয়া একজন মুমিনের জন্য গুরুত্বপূর্ণ আমল হতে পারে।নিজের পাশাপাশি পরিবার, আত্মীয়স্বজন ও সমগ্র মুসলিম উম্মাহর জন্যও আল্লাহর কাছে ‘আফিয়াহ’ প্রার্থনা করা যেতে পারে।
/বিএসএস