২০২৭ সালের হজ পালনের জন্য নিবন্ধনের শেষ সময় আগামীকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের পর আর নিবন্ধনের সময় বাড়ানোর সুযোগ থাকছে না। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ থেকে চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।
ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫৯ হাজার ৩৯২ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪১৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ৯৭৪ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।
এখনো নিবন্ধনের জন্য ১৯ হাজার ১০৮টি কোটা অব্যবহৃত রয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, নিবন্ধনের সময়সীমা আর বাড়ানো না হলেও নির্ধারিত সময়ের মধ্যেই হজযাত্রীর কোটা পূরণ হতে পারে। তাদের দাবি, গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্যসংখ্যক হজযাত্রী নিবন্ধন করেছেন।
জানা গেছে, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী সংগ্রহের ক্ষেত্রে এবার ২ হাজার করে ২৮টি লিড এজেন্সির সর্বনিম্ন কোটা নির্ধারণ করা হয়েছে। আর ৬৭৩টি সমন্বয়কারী এজেন্সির জন্য সর্বনিম্ন কোটা রাখা হয়েছে ৪৫ জন।
বাংলাদেশ হজ অফিসের পরিচালক (যুগ্ম সচিব) মো. লোকমান হোসেন এশিয়া পোস্টকে বলেন, ‘সৌদি সরকারের নির্ধারিত সময় অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার হজ নিবন্ধন শেষ হচ্ছে। নিবন্ধনের সময়সীমা সৌদি কর্তৃপক্ষ নির্ধারণ করেন। সময় বাড়ানো হবে কি না, এ বিষয়ে আমাদের কাছে এখনও কোনো আপডেট নেই।’
হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এশিয়া পোস্টকে বলেন, ‘নিবন্ধনের সময় বাড়ানোর সম্ভাবনা নেই। আশা করছি, এই সময়ের মধ্যে নিবন্ধনের কোটা পূরণ হয়ে অতিরিক্তও হবে।’
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রথমে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হয়। এরপর ৩ লাখ ৫০ হাজার টাকা দিয়ে প্রাথমিক বা চূড়ান্ত নিবন্ধন শেষ করতে হয়। এই চূড়ান্ত নিবন্ধনের সময়সীমাই আগামীকাল শেষ হচ্ছে।
চূড়ান্তভাবে নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের নির্ধারিত প্যাকেজের বাকি টাকা আগামী ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে।
সরকারি ব্যবস্থাপনায় আগামী বছর হজ পালনের জন্য সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ হবে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। আগামী বছরের হজের ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে ৮ এপ্রিল।
/এসএন