• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০২:৫৬ পিএম


সৌদি পৌঁছালেন ১৫ হাজারের বেশি হজযাত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ এপ্রিল ২০২৬ ৭:৪২ পিএম

চলতি বছরের হজ মৌসুমে প্রথম চার দিনে সৌদি আরবে পৌঁছেছেন মোট ১৫ হাজার ২৯৩ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১২ হাজার ৪২৩ জন। মঙ্গলবার (২১ এপ্রিল) হজ পোর্টালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হজ কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এখন হজযাত্রীদের পদচারণায় মুখর পরিবেশ বিরাজ করছে। এখানেই বোর্ডিং পাস সংগ্রহসহ ইমিগ্রেশন সংক্রান্ত প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করতে পারছেন তারা।

এর আগে, গত ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত মোট ৩৮টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ১৫টি, সৌদি এয়ারলাইন্স ১৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৯টি ফ্লাইট।

ফ্লাইটভিত্তিক যাত্রী পরিবহনের হিসেবে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছেন ৬ হাজার ১৮৬ জন, সৌদি এয়ারলাইন্সে ৫ হাজার ৪৫৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৩ হাজার ৬৫৩ জন হজযাত্রী।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী হজ পালনে সৌদি আরবে যাবেন।