• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৯:০৮ পিএম


ইসলামী ব্যাংক নিয়ে জোরজবরদস্তির ফল ভালো হবে না: ডা. শফিকুর রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ জুন ২০২৬ ৯:১৩ এএম

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগের বিষয়টি নিয়ে সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘পলাতক, ফ্যাসিস্ট ও লুটপাটকারী বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরকে জোরজবরদস্তি করে ইসলামী ব্যাংকের চেয়ারে বসানোর ফল ভালো হবে না।’

মঙ্গলবার (২ জুন) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেট মহানগর জামায়াত আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ারধারীই ব্যাংকটির মালিক। তার ভাষায়, ‘যে গ্রাহকের পাঁচটি শেয়ার আছে, সেও একজন মালিক।’ তিনি বলেন, একটি সমৃদ্ধ ব্যাংক দখল হয়ে গেলে গ্রাহকরা চুপচাপ বসে থাকবে না। প্রয়োজন হলে একজন গ্রাহক হিসেবে তাকেও রাজপথে নামতে হতে পারে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে জামায়াত আমির বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হলেও জনগণ ও দেশ ভালো নেই। তার দাবি, শিশু ধর্ষণ ও হত্যা, খুন, চুরি-ছিনতাই, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সরকার রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দলীয় লোকজন বসাতে ব্যস্ত।

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, স্বৈরাচারী পদ্ধতিতে দেশ পরিচালনার চিন্তা থাকলে তার পরিণতি সম্পর্কেও ভাবতে হবে। তিনি সতর্ক করে বলেন, ‘জুলাই বারবার ফিরে আসবে।’ একই সঙ্গে তিনি উল্লেখ করেন, তারা আর কোনো মূল্যবান প্রাণ হারাতে চান না।

ডা. শফিকুর রহমান আরও দাবি করেন, জুলাই সনদ এবং গণভোটের বিষয় নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে, যার ফলে জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কয়েকটি ব্যাংকের গ্রাহক টাকা উত্তোলনে সমস্যার সম্মুখীন হচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সময় পাঁচটি ব্যাংক একীভূত করা হলেও সেই ব্যাংকগুলোর গ্রাহকেরা এখনও ভোগান্তিতে রয়েছেন বলে দাবি করেন তিনি।

তার বক্তব্যে আরও বলা হয়, সরকার একটি সমৃদ্ধ ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ‘রাতের আঁধারে’ নেওয়া হচ্ছে।

সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।

সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

/এসএন