ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার দিভেগার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে আট শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুনে থেকে শিক্ষা সফর বা পিকনিকে যাওয়া ওই শিক্ষার্থীরা পানির গভীরতা ও সমুদ্রের স্রোত সম্পর্কে ধারণা না থাকায় গভীরে চলে গেলে প্রবল স্রোতের টানে তলিয়ে যান।
শুক্রবার (২ অক্টোবর) পুলিশ জানিয়েছে, নিহত আট শিক্ষার্থীর প্রত্যেকের বয়স ১৬ বছর। তারা সবাই পুনের আলান্দির ‘উইনার্স একাডেমি’ নামের একটি বেসরকারি কোচিং সেন্টারের শিক্ষার্থী ছিলেন। শিক্ষা সফর বা পিকনিকে অংশ নিতে তারা পুনে থেকে প্রায় ১৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিভেগারে গিয়েছিলেন।
একজন পুলিশ কর্মকর্তা জানান, মোট ৪৮ জনের একটি দল গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে দিভেগারের সৈকতে পিকনিকে যায়। দলটিতে ছিলেন ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী এবং ৬ জন শিক্ষক। তাদের মধ্য থেকে আট শিক্ষার্থী সমুদ্রের পানিতে নামেন। পরে পানির গভীরতা ও স্রোতের তীব্রতা বুঝতে না পেরে তারা সমুদ্রের আরও গভীরে চলে যান এবং প্রবল স্রোতের টানে পানিতে তলিয়ে যান।
ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। দিভেগারের ‘ভাউ মারুতি সালুংখে মহাকালী ওয়াটার স্পোর্টস’-এর মালিক ভাউ সালুংখে ও তার দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ওয়াটার স্পোর্টস টিমের সদস্যরা সমুদ্র থেকে আট শিক্ষার্থীর লাশ উদ্ধার করেন।
দুর্ঘটনার খবর পেয়ে দিঘি সাগরি বোরলি পঞ্চাতন পুলিশ স্টেশনের সহকারী পুলিশ পরিদর্শক সন্তোষ আওয়াতি একটি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। পরে স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় পুলিশ শিক্ষার্থীদের লাশ নিজেদের হেফাজতে নেয়। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের জন্য মরদেহগুলো বোরলি পঞ্চাতনের প্রাইমারি হেলথ সেন্টারে পাঠানো হয়।
এনডিটিভির তথ্যমতে, নিহত শিক্ষার্থীরা হলেন—তন্ময় দত্তত্রয় ভাহিলে, সুমিত ভারত অহিরে, প্রণব রামদাস বানসোদে, কৈবল্য সতীশ ওয়াসঙ্কর, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়াংখেড়ে, সোহম তুকারাম ভাণ্ডওয়ালকর এবং কৌশস্তভ সন্দীপ ডাউণ্ড।
এই মর্মান্তিক ঘটনার পর শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ। এক্সে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক বলে বর্ণনা করেন। তিনি জানান, শিক্ষার্থীদের মরদেহ আলান্দিতে ফিরিয়ে নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সমন্বয় করছে।
এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী গিরীশ মহাজন ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এই ঘটনার জন্য একাডেমিকে জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে তিনি জানান, স্কুল ট্রিপ বা শিক্ষা সফরের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে মহারাষ্ট্র সরকার খুব শিগগিরই নতুন নিরাপত্তা নির্দেশিকা জারি করবে।
/এসএন