• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পিএম


সরকারি আবাসিক ভবনে লিফট ছিঁ’ড়ে নিচে, আহ’ত তিনজন হাসপাতালে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ অক্টোবর ২০২৬ ৪:০৩ পিএম

রাজধানীর মিরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনের পাঁচতলা থেকে লিফট ছিঁড়ে নিচে পড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে মিরপুর-১ নম্বরের পাইকপাড়া আনসার ক্যাম্পের পশ্চিম পাশে অবস্থিত ওই আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আহত তিনজনকে উদ্ধার করে আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়।

আহতরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) এবং তার ছেলে মো. ওয়াসি (৮)। দুর্ঘটনায় নাইস আহমেদের দুই পা ভেঙে গেছে বলে জানা গেছে।

ভবনটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফজরের নামাজের পর ভবনের পঞ্চম তলার ওই তিন বাসিন্দা লিফটে ওঠেন। কিছুক্ষণ পর হঠাৎ বিকট শব্দ হয় এবং লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়। শব্দ শুনে ভবনের দারোয়ান ঘটনাস্থলে ছুটে গিয়ে লিফটের ভেতর থেকে তাদের চিৎকার শুনতে পান।

পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে লিফটের ভেতর থেকে আহত তিনজনকে উদ্ধার করেন। এরপর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে, দুর্ঘটনার খবর বিভিন্ন মাধ্যমে পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মেহেদী হাসান।

তিনি জানান, দুর্ঘটনার কারণ এবং লিফটে কোনো ধরনের ত্রুটি ছিল কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের বিষয়টি সামনে এসেছে।

/এসএন