নিজস্ব প্রতিবেদক:
দিনভর গ্রাহকদের বিক্ষোভের মধ্যেই সোমবার (১ জুন) রাতে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকটির নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলম।
জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় পর্ষদের পাঁচজন সদস্য অংশ নেন। সভায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের জমা দেওয়া পদত্যাগপত্র গ্রহণ করা হয়।
নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মো. আলতাফ হোসাইন দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় এমডির পদত্যাগপত্র গ্রহণ এবং ব্যাংকের কার্যক্রম পরিচালনার জন্য বর্তমান ভারপ্রাপ্ত এমডিকে দায়িত্বে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের চাপে সভা আয়োজন করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো ধরনের চাপ দেওয়া হয়নি। প্রয়োজনীয় অনুমতি নিয়েই অনলাইনে সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সকাল থেকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন একদল গ্রাহক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে কর্মসূচি ছত্রভঙ্গ করে দেয়।
উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার নিয়োগকে কেন্দ্র করে ব্যাংক সংশ্লিষ্ট একটি পক্ষের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
/এএসএফ