• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পিএম


আয়াতুল কুরসি পাঠের ফজিলত, জান্নাতে প্রবেশে থাকবে না মৃ’ত্যুর বাঁধা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ অক্টোবর ২০২৬ ৩:৩৫ পিএম

পবিত্র কোরআনের সুরা বাকারার ২৫৫ নম্বর আয়াত ‘আয়াতুল কুরসি’ নামে পরিচিত। ‘আয়াত’ শব্দের অর্থ চিহ্ন বা নিদর্শন। আর ‘কুরসি’ শব্দের অর্থ চেয়ার বা আসন। আয়াতে ব্যবহৃত ‘কুরসি’ শব্দ থেকেই এই আয়াতের নামকরণ হয়েছে।

হাদিসে প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠের কথা এসেছে। আয়াতুল কুরসির উচ্চারণ হলো—

উচ্চারণ: ‘আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইউল কাইয়ুম, লা তাখুজুহু সিনাতুও ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়ামা ফিল আরদি, মান জাল্লাাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লাহ বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসিআ কুরসিইউহুস সামাওয়াতি ওয়াল আরদি, ওয়ালা ইয়াইউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিইউল আজিম।’

অর্থ: ‘আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাকে তন্দ্রা অথবা নিন্দা স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব তারই। কে সে, যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? তাদের সামনে ও পেছনে যা কিছু আছে তা তিনি অবগত, যা তিনি ইচ্ছা করেন তা ছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার কুরসি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত; এদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। আর তিনি মহান, শ্রেষ্ঠ।’

হাদিসে আয়াতুল কুরসি পাঠের একাধিক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। হজরত উবাই ইবনে কাব (রা.) বলেন, একদিন হজরত রাসুলুল্লাহ (সা.) আবুল মুনজিরকে উদ্দেশ করে বলেন, হে আবুল মুনজির! আল্লাহর কিতাবের কোন আয়াত তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?

আবুল মুনজির বলেন, এ বিষয়ে আল্লাহ ও আল্লাহর রাসুলই সর্বাধিক অবগত। এরপর হজরত রাসুল (সা.) আবার জানতে চান, আল্লাহর কিতাবের কোন আয়াত তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তখন আমি বললাম, আয়াতুল কুরসি আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

এ কথা শুনে রাসুলুল্লাহ (সা.) আমার বুকের ওপর হাত রেখে বলেন, হে আবুল মুনজির! তোমার জ্ঞানকে স্বাগতম। (সহিহ মুসলিম : ১৭৭০)

হজরত আবু উমামা আল বাহিলি (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশে মৃত্যুর ছাড়া আর কোনো বাধা থাকবে না।’ (সুনানে নাসায়ি : ৯৯২৮)

আয়াতুল কুরসির মর্যাদা সম্পর্কে হজরত আবু হুরায়রা (রা.) থেকেও একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রতিটি জিনিসের একটি চূড়া থাকে। কোরআনের চূড়া সুরা বাকারা। তাতে এমন একটি আয়াত আছে, যা কোরআনের অন্য আয়াতের নেতা। সেটা হলো আয়াতুল কুরসি।’ (সুনানে তিরমিজি : ৩১১৯)

/এসএন