ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। আন্দোলনকারীদের সরিয়ে দিতে এ সময় টিয়ারগ্যাস নিক্ষেপ এবং জলকামান ব্যবহার করা হয়।
সোমবার (১ জুন) সকাল থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যানার ও ফেস্টুন নিয়ে অবস্থান নেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা। তারা নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে পুলিশ অভিযান শুরু করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়। একই সঙ্গে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়।
পুলিশের এ পদক্ষেপের পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে সরে যান।
বিক্ষোভকারীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। কিন্তু পুলিশ অযৌক্তিকভাবে বলপ্রয়োগ করেছে। তাদের দাবি, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান এস আলমের দোসর। তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার ফলে ব্যাংকে আবারও লুটপাটের আশঙ্কা রয়েছে। সেই কারণেই তারা তাদের দাবি জনসম্মুখে তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করেছিলেন।
তবে প্রথম দফায় সরিয়ে দেওয়ার পরও আন্দোলনকারীরা পুনরায় ইসলামী ব্যাংক এলাকার আশপাশে অবস্থান নেন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ ঘটনার পর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
/এসএন