ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজের ২৩তম জন্মদিন উদযাপন শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন কলেজছাত্র নাহিয়ান রবিন (২৩)। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির বাড়ি থেকে দুটি পিস্তল, ১০টি গুলি, দুটি ম্যাগাজিন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ জুন) রাত একটার দিকে গফরগাঁও পৌর শহরের শিলাসী মাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাহিয়ান রবিন পৌর এলাকার শিলাসী গ্রামের রাজমিস্ত্রির সহযোগী মোফাজ্জল হোসেনের ছেলে এবং স্থানীয় একটি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্বজনদের দাবি, তিনি ছাত্রলীগের রাজনীতির সমর্থক ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ছিল রবিনের ২৩তম জন্মদিন। এ উপলক্ষে সোমবার রাত ১২টা ১ মিনিটে গফরগাঁও ডাকবাংলো চত্বরে বন্ধুদের সঙ্গে কেক কাটেন তিনি। অনুষ্ঠান শেষে প্রতিবেশী বন্ধু শাকিবুল হাসানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
পথে শিলাসী মাজার রোড এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৩ থেকে ৪ জন মুখোশধারী দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে মরিচের গুঁড়া ছিটায়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তারা।
শাকিবুল হাসান জানান, হামলার পর তিনি কোনোভাবে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন। তবে নাহিয়ানকে ঘিরে ফেলে হামলাকারীরা। তাকে রড দিয়ে মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নাহিয়ানকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা নজরুল ইসলাম বলেন, রবিন আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। হামলাকারীদের মুখ বাঁধা থাকায় তাদের শনাক্ত করা যায়নি। রাজনৈতিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পরিবারের সন্দেহ।
ঘটনার পর অভিযান চালিয়ে গফরগাঁও পৌর এলাকার কলেজ রোডের নিজ বাড়ি থেকে মো. রাজিব নামে এক যুবককে আটক করে পুলিশ। তার কাছ থেকে দুটি পিস্তল, ১০টি গুলি, দুটি ম্যাগাজিন এবং ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে নাহিয়ান ও আটক রাজিবের মধ্যে পূর্ব বিরোধ ছিল বলে ধারণা করা হচ্ছে। রাজিবের বাড়ি থেকে হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট কিছু আলামতও পাওয়া গেছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনতোষ বিশ্বাস বলেন, ঘটনাটি রাজনৈতিক বিরোধের কারণে ঘটেছে কি না, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
/এএসএফ