• ঢাকা
  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম


জ্বালানির বাড়তি দামের চাপ সামলাতে সৌরবিদ্যুতের দিকে এগোচ্ছে সরকার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ নভেম্বর ২০২৬ ৬:১৩ পিএম


আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে কিছুটা হলেও লোডশেডিং কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানিয়েছেন, সৌরবিদ্যুৎ খাতকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে।

রোববার (১ নভেম্বর) বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী ৩ থেকে ৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর বিস্তারিত তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, গত আট মাস ধরে সরকার সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করছে। এ বিষয়ে দেশের মানুষকে উৎসাহিত করা হচ্ছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই এ এক্সপোর আয়োজন করা হয়েছে। সরকারি উদ্যোগে এ ধরনের আয়োজন দেশে এবারই প্রথম বলেও জানান তিনি।

ইকবাল হাসান মাহমুদ বলেন, এক্সপোতে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন। তিনি নিজেও অফ-গ্রিড ব্যবস্থায় চলে গেছেন। নিজের বাসায় আর গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করেন না।

জ্বালানির দাম বেড়ে ৩২ ডলারে পৌঁছানোর কথা উল্লেখ করে বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘এনার্জির দাম বাড়তে বাড়তে ৩২ ডলারে চলে গেছে। সে জন্য সোলারে যেতে হবে, এখান থেকে পরিত্রাণ পেতে হবে।’

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএন