• ঢাকা
  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম


গাজীপুরে পুলিশের তিন গাড়িতে ভাঙচুর-আগুন, বিজিবি সদস্যসহ আহত কয়েকজন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ নভেম্বর ২০২৬ ৪:০২ পিএম

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সোমবারও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আন্দোলনের কারণে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এসব কারখানার শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তাঁদের সরিয়ে দিতে গিয়ে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে শ্রমিকদের একাধিকবার সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। বেলা ১১টার দিকে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যরা ধাওয়া দিলে আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হন।

এরপর দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় আন্দোলনকারীরা পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর চালান এবং সেগুলোতে আগুন দেন।

এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সময় টিভির একজন রিপোর্টার ও ক্যামেরাপারসন। তাঁদের ক্যামেরাও ভাঙচুর করা হয়। একই সময়ে এসএ টিভির একজন ক্যামেরাপারসন পায়ে আঘাত পান।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, শ্রমিকেরা সোমবারও বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন। শ্রমিক আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা পুলিশ, মহানগর পুলিশ ও শিল্প পুলিশ যৌথভাবে কাজ করছে।

/এসএন