• ঢাকা
  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম


‘এটা আ/ত্মহ/ত্যা নয়’, তাহসিফের মৃ/ত্যুর তদন্ত দাবি বাবার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ অক্টোবর ২০২৬ ৯:১৬ পিএম

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম হেলাল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সোহরাওয়ার্দী হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সন্দেহের কথা জানান। একই সঙ্গে ছেলের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

তাহসিফের বাবা জানান, শৃঙ্খলাজনিত কারণে তাঁর ছেলেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল বলে বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল। ওই সময় আরও কয়েকজনকেও বরখাস্ত করা হয়। পরবর্তী সময়ে তাহসিফ বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

ছেলের মৃত্যু আত্মহত্যা নয় বলে দাবি করে কে এম এনায়েতুল করিম বলেন, “এটা সুইসাইড না। ঘটনার দিন সারাদিন মাকে সঙ্গে নিয়ে আমিসহ পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করেছি। সে ভেরি হ্যাপি মুডে ছিল।”

তিনি আরও বলেন, “এটা সরকার তদন্ত করলে বের করতে পারবে। কারণ সে তো একজন অ্যাসেট। একজন পাইলট তো দেশের অ্যাসেট। সরকার তদন্ত করলে প্রকৃত সত্য বের করতে পারবে। অপরাধীদের বের করতে পারবে, কোন চক্র, কারা কী উদ্দেশ্যে এটা করেছে।”

ঘটনার দিন তাহসিফ কার সঙ্গে বাসা থেকে বের হয়েছিলেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাঁর বাবা জানান, সন্ধ্যার পর দীপ নামের তাঁর এক জুনিয়র ছোট ভাইয়ের ডাকে তিনি নিচে বের হয়েছিলেন। রাত ১টা ৩৫ মিনিটে ‘আম্মু আমি আসছি’ লিখে একটি বার্তা পাঠিয়েছিলেন তাহসিফ। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

তাহসিফকে হত্যা করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে এনায়েতুল করিম বলেন, “কারণ তাকে নিয়ে নদীতে ফেলে দিয়েছে আরেক এলাকায়। হত্যা করা হয়েছে বলে সন্দেহ করি।”

প্রসঙ্গত, নিখোঁজ হওয়ার একদিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদী থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়। তাঁর পকেটে থাকা আইফোনের মাধ্যমে পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত করে।

/এসএন