• ঢাকা
  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম


যু’দ্ধবিরতি উপেক্ষা করে গা’জায় ই’সরা’য়েলি হাম’লা, আরও ৪ ফি’লিস্তি’নি নিহ’ত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ নভেম্বর ২০২৬ ৫:০৩ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার (২ অক্টোবর) গাজার বিভিন্ন এলাকায় হামলাগুলো চালানো হয় বলে জানিয়েছে চিকিৎসা বিভাগের একটি সূত্র।

সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী ও দুই শিশুসহ পাঁচজন আহত হয়েছেন বলে নাসের মেডিকেল কমপ্লেক্সের একটি সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আল-মাওয়াসি এলাকায় একটি ইসরায়েলি ড্রোন থেকে অন্তত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার লক্ষ্যবস্তু ছিলেন এক ফিলিস্তিনি।

নাসের মেডিকেল কমপ্লেক্সের একই সূত্র জানায়, খান ইউনিসের অন্য একটি এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও একজন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন চারজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় ৪০ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন, তাঁর আঘাত মাঝারি পর্যায়ের বলে জানা গেছে। এ ছাড়া রোববার বিকেলে আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি হামলায় আহত এক ফিলিস্তিনি পরে মারা গেছেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খান ইউনিসের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক যান থেকে ব্যাপক গুলিবর্ষণ করা হয়েছে। একই সময়ে দেইর আল-বালাহর পূর্বে আল-মাসদার গ্রামের কাছে ফিলিস্তিনিদের একটি জমায়েত লক্ষ্য করে কোয়াডকপ্টার ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আল-মাসদারের পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনী নিজেদের অবস্থানের বাইরের বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে। গত কয়েক দিনে ওই এলাকায় সামরিক যান ও বুলডোজার প্রবেশের পর থেকে গুলিবর্ষণ এবং কামানের গোলা নিক্ষেপের ঘটনা ঘটছে। এসব হামলায় বাড়িঘর ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির কারণে কয়েকটি পরিবার নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।

এদিকে, গাজা শহরের পূর্বাঞ্চল লক্ষ্য করেও ইসরায়েলি সামরিক যান থেকে কামানের গোলা ও গুলি ছোড়া হয়েছে। একই সময়ে শহরের উপকূলীয় এলাকায় ইসরায়েলি নৌযান থেকেও গুলিবর্ষণের খবর পাওয়া গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ৫৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ হাজার ৭১১ জন।

এ ছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের দুই বছরব্যাপী হামলায় উপত্যকাটিতে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার।

/এসএন