মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক নারী ও তার শিশুপুত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে পরিবারেরই এক সদস্যের বিরুদ্ধে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিযুক্তের বড় ভাই, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৩০ মে) রাতে উপজেলার বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্যবসায়ী ছালামের স্ত্রী আমিনা (৩০) এবং তাদের দুই বছর বয়সী ছেলে আসলাম।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, শনিবার রাত প্রায় সোয়া ৯টার দিকে ব্যবসায়ী ছালাম নিজের দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দেন। বাড়িতে পৌঁছানোর পরপরই তার ছোট ভাই ইউসুফ আলী (৪০) দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। হামলায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন।
এলাকাবাসীর ভাষ্য, ছালামের ওপর হামলার ঘটনা ঘটার আগেই তার স্ত্রী আমিনা এবং দুই বছরের শিশুপুত্র আসলামকে ঘরের ভেতরে হত্যা করা হয়েছিল। ঘটনাস্থলে হত্যাকাণ্ডে ব্যবহৃত বলে ধারণা করা রক্তমাখা দা ও হাতুড়ি পড়ে থাকতে দেখা গেছে।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত ইউসুফ আলীকে তার বাড়ির সামনের রাস্তা দিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে পালিয়ে যেতে দেখা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত ইউসুফ আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
/এসএন