• ঢাকা
  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম


গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ প্লাটুন বিজিবি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ নভেম্বর ২০২৬ ১২:১৫ পিএম

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কালিয়াকৈর, সফিপুর ও আশপাশের এলাকায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সফিপুর বাজার, চন্দ্রা পল্লী বিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় শ্রমিকদের জমায়েত দেখা যায়। এ সময় তাঁরা বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে শত শত শ্রমিক মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার যাত্রী ও পরিবহনশ্রমিকেরা চরম ভোগান্তিতে পড়েন।

শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে।

এর আগে গত শনিবার দুপুরেও কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিক ও পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর আশপাশের একাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

শনিবার রাতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলেও রোববার সকালে শ্রমিকেরা আবারও বিভিন্ন স্থানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। উপজেলার রতনপুর এলাকার করনী নিট কম্পোজিট, নিট এশিয়াসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সফিপুর বাজার এলাকায় অবস্থান নেন। শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, তাঁরা প্রথমে কারখানায় হাজিরা দেন, এরপর বিক্ষোভে অংশ নেন।

চলমান আন্দোলনের কারণে আশপাশের আরও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শনিবারের আন্দোলনের সময় চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে রোববার থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে পাঁচ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। প্রয়োজন দেখা দিলে সদস্যসংখ্যা বাড়ানো হতে পারে।

তিনি জানান, শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি কোনাবাড়ী, সফিপুর, কালিয়াকৈর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকাল থেকেই শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। তাঁদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে দায়িত্ব পালন করছে।

এদিকে পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর লক্ষ্যে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সরকারের এ সিদ্ধান্তের পরও গাজীপুরের বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী, কালিয়াকৈর ও আশপাশের শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।

/এসএন