• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫২ এএম


নানার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ১১ বছরের শিশু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ জুন ২০২৬ ৭:৪২ এএম

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে ১১ বছর বয়সী এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) দুপুরে উপজেলার চরবাদাম ইউনিয়নের চরসীতা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম আনিছুর রহমান মামুন। তিনি স্থানীয় বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাড়ি রামগঞ্জ উপজেলায়। ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

অভিযোগ অনুযায়ী, সোমবার দুপুরে অভিযুক্ত যুবক শিশুটিকে কৌশলে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে তাকে যৌন নির্যাতন করে। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী শিশুর মা বলেন, ঈদের আনন্দ নিয়ে মেয়েটি নানার বাড়িতে এসেছিল। এই ঘটনার কারণে তাদের পরিবার গভীরভাবে মর্মাহত। তিনি অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির নানি হাজেরা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দারাও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

/এএসএফ