• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১১ এএম


মাজার ঘাটে ভয়াবহ ঘটনা, শিশুকে পানিতে টেনে নিয়ে গেল কুমির

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ জুন ২০২৬ ৭:৩২ এএম

বাগেরহাটে হজরত খানজাহান (রহ.)-এর মাজার সংলগ্ন দীঘিতে থাকা একটি কুমিরের হামলায় ফাতেমা (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার (১ জুন) রাত ৯টার দিকে মাজারের মহিলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মা মানসিক ভারসাম্যহীন। তিনি কয়েকদিন ধরে মেয়েকে নিয়ে মাজার এলাকায় অবস্থান করছিলেন। ঘটনার সময় ফাতেমা ঘাটের কাছে থাকলে হঠাৎ কুমিরটি তাকে পানির মধ্যে টেনে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনার পরপরই মাজারের খাদেম, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেন। চারটি নৌকা নিয়ে দীঘিতে তল্লাশি চালানো হলেও রাত ১০টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনার খবর পেয়ে বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এবং পুলিশ সুপার মোহাম্মদ হাসান নাসের রিকাবদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করেন।

পুলিশ সুপার জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সদস্যরাও উদ্ধার অভিযানে সহায়তা করছে। একই সঙ্গে ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ জড়ো হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে এবং স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে সহযোগিতা করছেন।

উল্লেখ্য, গত এপ্রিল মাসেও একই দীঘিতে একটি কুকুর পানিতে পড়ে গেলে কুমিরটি সেটিকে টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

/এএসএফ