• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫২ এএম


জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন খলিলুর রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ জুন ২০২৬ ৪:১৮ পিএম

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮টা ৫১ মিনিটে তাকে বহনকারী বিমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবারই যেকোনো সময় তিনি গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে পারেন। এ সময় জাতিসংঘে বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বৈশ্বিক পরিসরে তার নতুন দায়িত্ব নিয়ে বিস্তারিত কথা বলার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি ড. খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এটি বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন এবং আগামী এক বছর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।

এই নির্বাচনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হয়। মোট ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান ৯৯টি ভোট লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের অভিজ্ঞ কূটনীতিক আন্দ্রেয়াস এস কাকৌরিস পান ৯১টি ভোট।

ফলে ৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে তিনি জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হন। আগামী সেপ্টেম্বর মাসে শুরু হতে যাওয়া ৮১তম অধিবেশনে বৈশ্বিক এই গুরুত্বপূর্ণ ফোরামের সভাপতির দায়িত্ব পালন করবে বাংলাদেশ।

/এসএন