• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০২:২৬ এএম


বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে নিত্যপণ্য, কৃষি ও উৎপাদন খাতে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ জুন ২০২৬ ৩:১১ পিএম

দেশে বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকর হওয়ার ফলে গৃহস্থালি, কৃষি ও শিল্প খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাইকারি, সঞ্চালন এবং গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের ফলে সাধারণ ভোক্তা থেকে শুরু করে উৎপাদনমুখী খাতগুলোতে অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ঘোষণায় পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ দাম বাড়ানো হয়েছে। এছাড়া সঞ্চালন চার্জও ২৩ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন লাইফলাইন গ্রাহকদের ক্ষেত্রে ১৫ শতাংশ এবং সর্বোচ্চ প্রায় ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধি হয়েছে। জুন মাসের বিল থেকেই নতুন এই দর কার্যকর হবে।

বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের নতুন মূল্যহার বৃদ্ধির ঘোষণা দেন।

বিইআরসির তথ্য অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের ইউনিটপ্রতি মূল্য বর্তমানে ৭ দশমিক ০৪ টাকা থেকে বেড়ে গড়ে ৮ দশমিক ৩৯ টাকায় উন্নীত হয়েছে। একই সঙ্গে গড় সঞ্চালন খরচ ইউনিটপ্রতি ৩১ পয়সা থেকে বাড়িয়ে প্রায় ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিদ্যুতের একমাত্র সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) ইউনিটপ্রতি সঞ্চালন চার্জ ৩০ ও ৩১ পয়সা থেকে বাড়িয়ে যথাক্রমে ৪৮ ও ৪৯ পয়সা করার আবেদন করেছিল।

অন্যদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) পাইকারি পর্যায়ে ইউনিটপ্রতি ১ দশমিক ২০ টাকা বা ১৭ শতাংশ থেকে ১ দশমিক ৫০ টাকা বা ২১ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়। তাদের আবেদনে উল্লেখ করা হয়, ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ উৎপাদনে সম্ভাব্য ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১ লাখ ৪৩ হাজার ১০৮ কোটি টাকা। সে হিসাবে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন ব্যয় হতে পারে প্রায় ১২ দশমিক ৯১ টাকা।

বিশেষজ্ঞদের মতে, বিদ্যুতের দাম বাড়ার প্রভাব শুধু বিদ্যুৎ বিলেই সীমাবদ্ধ থাকবে না। কৃষি উৎপাদন, শিল্পকারখানার পরিচালন ব্যয় এবং বিভিন্ন সেবা খাতেও এর প্রভাব পড়বে। ফলে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও চাপ তৈরি হতে পারে।

এর আগে সর্বশেষ ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৮ দশমিক ৫০ শতাংশ বাড়ানো হয়েছিল। একই সময়ে পাইকারি পর্যায়ে বিদ্যুতের ইউনিটপ্রতি মূল্য ৬ দশমিক ৭০ টাকা থেকে ৫ শতাংশ বৃদ্ধি করে ৭ দশমিক ০৪ টাকা নির্ধারণ করা হয়।

/এসএন