• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পিএম


জুন থেকেই বাড়ছে বিদ্যুতের দাম,

পাইকারিতে ১৯.৮৫ শতাংশ, গ্রাহক পর্যায়ে ১৬.৬৮ শতাংশ দাম বৃদ্ধি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ জুন ২০২৬ ৬:২০ পিএম

পাইকারি ও গ্রাহক—উভয় পর্যায়েই বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। পাশাপাশি বিদ্যুতের সঞ্চালন চার্জও বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দর চলতি জুন মাসের বিলিং থেকেই কার্যকর হবে।

বুধবার (৩ জুন) এক সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ আনুষ্ঠানিকভাবে নতুন বিদ্যুৎ মূল্য ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে ইউনিটপ্রতি গড় পাইকারি মূল্য ৭ দশমিক ০৪ টাকা থেকে বাড়িয়ে ৮ দশমিক ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন শ্রেণির গ্রাহকদের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার ভিন্ন হলেও সর্বনিম্ন লাইফলাইন গ্রাহকদের জন্য ১৫ শতাংশ এবং সর্বোচ্চ প্রায় ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।

এ ছাড়া বিদ্যুৎ সঞ্চালন চার্জও বাড়ানো হয়েছে ২৩ দশমিক ৯৬ শতাংশ। সঞ্চালন ব্যয় গড়ে ইউনিটপ্রতি ৩১ পয়সা থেকে বাড়িয়ে প্রায় ৩৯ পয়সা করা হয়েছে।

বিদ্যুতের একমাত্র সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) ইউনিটপ্রতি সঞ্চালন চার্জ ৩০ ও ৩১ পয়সা থেকে বাড়িয়ে যথাক্রমে ৪৮ ও ৪৯ পয়সা করার আবেদন করেছিল।

এর আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) পাইকারি পর্যায়ে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম ১ দশমিক ২০ টাকা বা ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ১ দশমিক ৫০ টাকা বা ২১ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেয়। আবেদনে সংস্থাটি উল্লেখ করে, ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ উৎপাদনে সম্ভাব্য ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১ লাখ ৪৩ হাজার ১০৮ কোটি টাকা। সে হিসেবে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ প্রায় ১২ দশমিক ৯১ টাকা হতে পারে।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৮ দশমিক ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। একই সময়ে পাইকারি পর্যায়ে ইউনিটপ্রতি বিদ্যুতের মূল্য ৬ দশমিক ৭০ টাকা থেকে ৫ শতাংশ বাড়িয়ে ৭ দশমিক ০৪ টাকা নির্ধারণ করা হয়।

/এসএন