• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫১ এএম


প্রিপেইড বিদ্যুৎ মিটারের মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ বাতিল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ জুন ২০২৬ ১০:৫৮ পিএম

বিদ্যুৎ খাতে গ্রাহকদের ওপর আরোপিত অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সরকার। প্রিপেইড মিটার ব্যবহারকারীদের কাছ থেকে দীর্ঘদিন ধরে আদায় করা মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ বাতিল করার ফলে সাধারণ মানুষের আর্থিক চাপ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

পোস্টে বলা হয়, বিএনপি সরকারের ১০০ দিনের কার্যক্রমের অংশ হিসেবে জনদুর্ভোগ কমাতে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের জন্য আর্থিক স্বস্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ইঙ্গিত দিয়েছিলেন যে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করা হতে পারে। ওই বক্তব্যের পর থেকেই বিষয়টি নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি কিলোওয়াটের জন্য ৪২ টাকা ডিমান্ড চার্জ এবং সিঙ্গেল ফেজ সংযোগের ক্ষেত্রে ৪০ টাকা মিটার ভাড়া পরিশোধ করতে হয়। এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাটও যুক্ত ছিল। ফলে অনেক গ্রাহক বিদ্যুৎ ব্যবহার না করলেও প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে বাধ্য হতেন।

দীর্ঘদিন ধরে মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিল। অনেকেই এই ব্যয়কে অযৌক্তিক অতিরিক্ত বোঝা হিসেবে উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন।

সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রিপেইড মিটার ব্যবহারকারী বিপুলসংখ্যক গ্রাহক সরাসরি উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

/এসএন