• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৫ এএম


ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ, স্বস্তিতে ফিরতি যাত্রা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩১ মে ২০২৬ ৫:১৯ পিএম

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ হওয়ার প্রাক্কালে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক। অন্যান্য বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় যাত্রীচাপ কম থাকায় সড়ক, রেল ও নৌপথে ভোগান্তিও তুলনামূলকভাবে কম দেখা গেছে।

রোববার (৩১ মে) সকাল থেকে রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে কোনো পরিবহন কেন্দ্রেই অতিরিক্ত ভিড় বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়নি। যানবাহন চলাচলও ছিল স্বাভাবিক।

বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে ঢাকায় ফিরতে শুরু করেছেন অনেক যাত্রী। সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছানো যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের নদীপথের যাত্রা ছিল বেশ স্বস্তিদায়ক। লঞ্চগুলোতে যাত্রী থাকলেও অতিরিক্ত ভিড় বা চাপের কারণে কোনো ধরনের দুর্ভোগ পোহাতে হয়নি। অধিকাংশ লঞ্চ নির্ধারিত সময়েই রাজধানীতে পৌঁছেছে এবং বাড়তি যাত্রীচাপও দেখা যায়নি।

অন্যদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা বাসগুলোতেও যাত্রীর সংখ্যা ছিল স্বাভাবিক। যাত্রীরা সহজেই নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। যাত্রীচাপ কম থাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া যায়নি।

পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দীর্ঘ ছুটির কারণে সবাই একসঙ্গে রাজধানীতে ফিরছেন না। অনেকেই কয়েক ধাপে ঢাকা ফিরছেন। ফলে যাত্রীচাপ একদিনে কেন্দ্রীভূত না হয়ে কয়েক দিনে ভাগ হয়ে গেছে। এতে পরিবহন ব্যবস্থাপনা সহজ হয়েছে এবং যাত্রীদের ভোগান্তিও কমেছে।

এদিকে ঈদের সময় বাড়ি যেতে না পারা অনেক মানুষ এখন পরিবার-পরিজন নিয়ে গ্রামের পথে রওনা হচ্ছেন। ফলে রাজধানীর বিভিন্ন পরিবহন কেন্দ্রে একই সময়ে ঢাকামুখী ও গ্রামমুখী—দুই ধরনের যাত্রীর উপস্থিতি দেখা যাচ্ছে। তারপরও কোথাও বড় ধরনের চাপ বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

যাত্রীরা জানিয়েছেন, সড়কে যানজট কম থাকা, পরিবহন চলাচল স্বাভাবিক থাকা এবং পর্যাপ্ত পরিবহন সুবিধা পাওয়ার কারণে এবারের ঢাকা ফেরা আগের বছরের তুলনায় অনেক বেশি স্বস্তিদায়ক হয়েছে। তবে ছুটি শেষ হওয়ার আগমুহূর্তে বিকেল ও সন্ধ্যার দিকে রাজধানীমুখী যাত্রীর সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছুটি ভোগ করছেন। আগামীকাল থেকে অফিস-আদালত, ব্যাংকসহ অধিকাংশ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পুনরায় খুলে যাবে।

/এসএন