রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুদের বয়স ছিল মাত্র এক থেকে দুই দিন।
বুধবার (২৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম।
হাসপাতাল সূত্রে জানা গেছে, যে পোস্ট অপারেটিভ রুমে ঘটনাটি ঘটেছে সেখানে ছয় নবজাতকের পাশাপাশি ১১ জন মা অবস্থান করছিলেন।
আদ-দ্বীন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটগুলোর মহাপরিচালক অধ্যাপক নাহিদ ইয়াসমিন জানান, বুধবার সকাল ছয়টার দিকে দায়িত্বরত নার্স নবজাতকদের অসুস্থ অবস্থায় দেখতে পান। একই সময় মায়েদের কাছ থেকেও শিশুদের অসুস্থতার বিষয়টি জানানো হয়। পরে দ্রুত তাদের নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ)-এ নেওয়া হয়।
তিনি বলেন, এনআইসিইউতে নেওয়ার পর দুই নবজাতককে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চার শিশুর অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। তাদের ভেন্টিলেশনে রাখা হলেও শেষ পর্যন্ত কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার পর হাসপাতালটি পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। পরিদর্শন শেষে তিনি জানান, রুমে থাকা এক মা ঠান্ডা অনুভব করায় এসি বন্ধ রাখার অনুরোধ করেছিলেন। পরে এক নার্স প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখেন।
ডিএমপি কমিশনারের ভাষ্য অনুযায়ী, পরে গরম অনুভূত হলে আবার এসি চালু করা হয়। এর কিছু সময় পর দুই নবজাতক অসুস্থ হয়ে পড়ে। পরে ধীরে ধীরে বাকি চার শিশুও অসুস্থ হয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সিআইডির ক্রাইম টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে।
/এসএন