২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভীকে ঘিরে প্রতিটি ঈদ এখন গভীর বেদনা আর শূন্যতার স্মৃতি হয়ে উঠেছে তার পরিবারের কাছে। ঈদের আনন্দের সময়েও ছেলেকে হারানোর কষ্ট বারবার ফিরে আসে বলে জানিয়েছেন আলভীর বাবা আবুল হাসান।
মঙ্গলবার আবুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় তিনি জানান, তাঁদের পরিবারের কাছে এখন প্রতিটি ঈদ মানেই এক গভীর বেদনার সময়।
তিনি বলেন, ‘আলভী বেঁচে থাকলে হয়তো আজ বাড়িতে ফিরত। দাদা-দাদির পাশে বসে হাসিমুখে ঈদের আনন্দ ভাগ করে নিত। ঘর ভরে উঠত ওর প্রাণখোলা হাসিতে। আজ সেই জায়গাজুড়ে শুধু নীরবতা আর অসীম শূন্যতা।’
২০২৪ সালের ৪ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রাজপথ ছিল উত্তাল। সে সময় রাজধানীর মিরপুর-১০ নম্বরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় ১৫ বছর বয়সী আলভী।
ছেলেকে হারানোর স্মৃতি এখনও প্রতিটি মুহূর্তে তাড়া করে বেড়ায় উল্লেখ করে আবুল হাসান বলেন, ঈদ এলেই বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। আলভীর ব্যবহৃত জিনিসপত্র, তার হাসি আর স্মৃতিগুলো এখনও চোখের সামনে ভেসে ওঠে।
তিনি আরও বলেন, ‘আলভী শুধু আমাদের সন্তান ছিল না; সে ছিল আমাদের স্বপ্ন, আমাদের ভালোবাসা, আমাদের ভবিষ্যৎ। আজ সে নেই, কিন্তু ওর স্মৃতি প্রতিটি মুহূর্তে আমাদের হৃদয়ে জীবন্ত হয়ে আছে। ঈদের আনন্দের মাঝেও তাই চোখ ভিজে যায় বারবার।’