অর্থনীতি ডেস্ক:
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশে কোরবানিযোগ্য গবাদিপশুর পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছে সরকার। দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় এবারও ভারত থেকে কোনো গরু আমদানি করা হচ্ছে না।
সরকার বলছে, দেশীয় খামারিদের উৎপাদিত পশু দিয়েই এবারের কোরবানির শতভাগ চাহিদা পূরণ সম্ভব।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কোনো গবাদিপশু দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া সীমান্ত এলাকায় কোনো পশুর হাটের ইজারা দেওয়া হয়নি বলেও জানিয়েছে সরকার।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “দেশে চাহিদার তুলনায় অনেক বেশি গবাদিপশু রয়েছে। ফলে এবার ভারতীয় গরু ছাড়াই ঈদ উদযাপিত হবে।”
তিনি আরও বলেন, দেশীয় খামারিরা যাতে সহজ শর্তে ঋণ পান, সে বিষয়েও সরকার কাজ করছে।
সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে চোরাই পথে আসা সীমান্ত পারের গরু না কেনার আহ্বানও জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, আলেম-ওলামাদের সঙ্গে এক বৈঠকে অবৈধভাবে অন্য দেশ থেকে আনা গরু দিয়ে কোরবানি হবে কি না— এমন প্রশ্ন উঠলে উপস্থিত আলেমরা বলেন, “এ ধরনের গরু দিয়ে কোরবানি হবে না।”
সংশ্লিষ্টরা বলছেন, খামারিরা যাতে পশুর ন্যায্যমূল্য পান এবং বাজারে স্থিতিশীলতা বজায় থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
এদিকে সরকার সারা বছর তুলনামূলক কম দামে মাংস নিশ্চিত করতে পশুখাদ্য উৎপাদন ব্যয় কমানো, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দিচ্ছে।
/এএসএফ