রাজধানীর মিরপুরে অবস্থিত হজরত শাহ আলী (র.) মাজারে হামলা ও অর্থ চুরির ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জন জামায়াতকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৬ মে) সন্ধ্যায় শাহ আলী থানায় মামলাটি করেন মাজারের ভক্ত ও নিয়মিত দর্শনার্থী রেসমি বেগম (৪০)।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার। তিনি জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—মো. আলী আকবর (৪৮), মো. বাপ্পা (৩৫), মো. বাবু (৪৫), মো. কাউসার (২৬), আজম (৪০), শেখ মো. রাসেল (৩৮), কাজী জহির (৫২), মো. মিজান (৩৮) ও কাজী পনির (৫০)। এদের সবাই শাহ আলী থানা এলাকার বাসিন্দা বলে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে শেখ মো. রাসেল ও আজম মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া আরমান দেওয়ান নামে আরও একজনকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে শাহ আলী মাজারে জিয়ারত করে আসছেন। গত ১৪ মে দিবাগত রাতে জিয়ারত ও মানত করার সময় একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে মাজারে প্রবেশ করে দর্শনার্থীদের ওপর হামলা চালায়।
অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা মাজারে থাকা ভক্তদের মারধর করে আহত করে এবং মাজারসংলগ্ন গাছের লাল কাপড় ছিঁড়ে ফেলে। এছাড়া মোমবাতির প্লেট ভাঙচুরের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগও করা হয়েছে।
বাদী রেসমি বেগম জানান, তিনি হামলাকারীদের বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং শ্লীলতাহানির ঘটনাও ঘটে। এক আসামি তাকে লাঠি দিয়ে আঘাত করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা মাজারে আসা জিয়ারতকারীদের কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
/এসএন